ডেস্ক: উপমহাদেশের সবচেয়ে বড় লোকসঙ্গীতের আসর ‘ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব’ আজ শুরু হচ্ছে। রাজধানীর আর্মি স্টেডিয়ামের জমকালো আয়োজনের মধ্যে দিয়ে তৃতীয়বারের মতো আয়োজিত এবারের ফোক ফেস্টে দেশীয় শিল্পী ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ইরান, ব্রাজিল, মালি, তিব্বতসহ বিভিন্ন দেশের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
‘ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব’-এর প্রথম দিনে মঞ্চে উঠবেন বাউলিয়ানার শিল্পীরা। গানে গানে তারা মাতিয়ে তুলবেন উৎসবের প্রথম রাত। বাউলিয়ানা ঘরানার সংগীতশিল্পী কামরুজ্জামান রাব্বি এবারের আসরের বাউলিয়ানার হয়ে সংগীত পরিবেশন করবেন। এছাড়া লোকসংগীতবিষয়ক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানায় সেরা চারে জায়গা করে নেওয়া প্রতিযোগী পাপিয়া জাহান এবারের আসরে গান পরিবেশন করবেন।
জানা গেছে, ‘ম্যাজিক বাউলিয়ানা-২০১৬’-এর চ্যাম্পিয়ন শিবলী সাদিককেও এবারের আসরে বাউল গান নিয়ে হাজির হতে দেখা যাবে। এছাড়াও নিভৃতচারী শিল্পী লাল্টু হোসেন, শফিকুল ইসলামকে উৎসব মাতাতে দেখা যাবে।
ব্রাজিলের বিস্ময় মোরিসিও টিযুমবা সাম্বা বিটের তালে তালে নাচ দিয়ে সারা বিশ্বের সামনে ব্রাজিলকে রঙিনভাবে উপস্থাপন করে থাকেন। হাতের আবেশে নাচতে থাকেন মনোমুগ্ধকর ‘সেক্সটেট’ পদক্ষেপের ছন্দে ছন্দে। এই বিস্ময়কর জাদুর ছন্দে পুরো ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট মাতাতে এবার হাজির হচ্ছেন টিযুমবা।
এছাড়া বাংলাদেশের লোকসংগীত, বাউল ও সুফি গানের অন্যতম শিল্পী ফকির শাহাবুদ্দিন পারফর্ম করবেন। দেশের সীমানা ছাড়িয়ে ভারত, যুক্তরাজ্য, দুবাই, আলজেরিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে গিয়েও সংগীত পরিবেশন করেছেন তিনি।
জানা গেছে, তিব্বতের তেনজিন চো’য়েগাল ড্রানিয়েন নামের এক ধরনের গিটার এবং লিংবু বাঁশি বাজিয়ে গান পরিবেশন করেন। তার কণ্ঠে পাওয়া যায় পাহাড়, ঝরনা, বরফের আবেশ। অস্ট্রেলিয়া প্রবাসী এই তিব্বতী লোকসংগীতশিল্পীর ঠাণ্ডা সুর শ্রোতার মনকে করবে উষ্ণ, আত্মাকে করবে পরিশুদ্ধ.
সবশেষে আসবে মুগ্ধতার অপর নাম পাপন। আসামের দুই জনপ্রিয় শিল্পী খগেন মহন্ত ও অর্চনা মহন্তের সন্তান পাপনের গানের সঙ্গে পরিচয় ছোটবেলায়। উত্তর-পূর্বাঞ্চলের গানের সঙ্গে আধুনিক বাদ্যযন্ত্রের ব্যবহার পাপনের গানে লক্ষ্য করা যায়।
বাংলাদেশের সংগীত অনুরাগীদের কাছে তিনি পরিচিতি পেয়েছেন জনপ্রিয় গান ‘দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি’ দিয়ে। পাপন একই সঙ্গে বাংলা, আসামীয়া এবং হিন্দি ভাষায়ও গান গেয়ে থাকেন।
উৎসব চলবে প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১ টা পর্যন্ত। আগত দর্শনার্থীদের ফেরার সময় থাকবে বিনা মূল্যের পরিবহনব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে সঙ্গে কোনো ব্যাগ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী