October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

প্রকাশ হলো ‘প্রণমি তোমারে’

ডেস্ক: প্রকাশ হল রবীন্দ্র সংগীতশিল্পী ড. অনুপম কুমার পালের নতুন অ্যালবাম ‘প্রণমি তোমারে’। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে জি-সিরিজের ব্যানারে আসা নতুন এ অ্যালবামের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
আয়োজনটি ঘিরে ছায়ানট ভবন জুড়ে ছিল ভিন্ন এক আবহ। দৃষ্টিমুখর সাজ-বাহার ও রবীন্দ্রবন্দনায় হয়ে ওঠে রবীন্দ্রময়। কবি শাহরিয়ার ফিউর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। এরপর আনন্দঘন আবহে অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়।
ডার্ড গ্রুপের সহযোগিতায় আয়োজিত এ প্রকাশনা উৎসবের দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন ড. অনুপম। কলকাতার বিশিষ্ট আবৃত্তিশিল্পী অন্তরা দাসের সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন ড. সুরজিৎ রায়।
অনুপমের কণ্ঠসৃত দশটি রবীন্দ্রসংগীত দিয়ে সাজানো হয়েছে ‘প্রণমি তোমারে’। যার যন্ত্রায়োজনে রয়েছেন দূর্বাদল চট্টোপাধ্যায়।
এ বিষয়ে ড. অনুপম বলেন, “একটু দেরি হলেও অবশেষে ‘প্রণমি তোমারে’ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হচ্ছে। এত গুণী মানুষেরা আমাকে আশীর্বাদ জানাতে আজ এই অনুষ্ঠানে এসেছেন, আমি সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষাবিদ ও লেখক ইমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। অন্যান্যদের মধ্যে ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার, লিলি ইসলাম, মহাদেব ঘোষ, আব্দুল ওয়াদুদ, জি সিরিজ-অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূঁইয়া, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইতেমাদ-উদ দৌলাহ্, জিনাত রহমা ও অধ্যাপক বাসরী দত্ত।