ডেস্ক: দেশে প্রথমবারের মতো গৃহায়ন অর্থায়ন মেলা-২০১৭ শুরু হবে ১৯ অক্টোবর, যা চলবে ২১ অক্টোবর পর্যন্ত। মেলায় সার্বিক সহযোগিতা করবে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
বুধবার পুরানা পল্টনে বিএইচবিএফসি কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এমন কথা জানায় আয়োজকরা। মেলার আয়োজন করবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ আবাসন খাত সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি অংশগ্রহণ করবে। রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।
এসময় বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী জানান, এক ছাদের নিচে গৃহায়ন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে এনে আবাসন খাতে দেশি-বিদেশি বিনিয়োগ সৃষ্টি করা মূল উদ্দেশ্য। এখানে একজন গ্রাহক তার পছন্দের ফ্লাট কিনতে পারবেন। একই সঙ্গে আবাসন খাতের বিভিন্ন ঋণ সুবিধা সম্পর্কে জানতে পারবেন।
তিনি জানান, মেলা উপলক্ষে বিএইচবিএফসি পাঁচটি পণ্য নতুন আঙ্গিকে চালু হবে। যার মধ্যে রয়েছে, নগরবন্ধু, প্রবাসবন্ধু, পল্লীমা, আবাসন মেরামত ঋণ ও আবাসন উন্নয়ন ঋণ।
তিনি বলেন, সহজ শর্তে সিঙ্গেল ডিজিতে ঋণ প্রদান করা হবে। মেলা চলাকালীন সময়ে সারা দেশে বিএইচবিএফসি সব অফিসে ঋণ আবেদনের ক্ষেত্রে আবেদন ও পরিদর্শন ফি ৫০% ছাড় দেওয়া হবে।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, কর্পোরেশনের ফান্ড বাড়াতে ইতিমধ্যে আইডিবির সঙ্গে ৮৫০ কোটি টাকা ঋণ চুক্তি হয়েছে। এ অর্থ দিয়ে ৭ হাজার ৯৭৬টি হাউজিং ইউনিট নির্মাণ করা যাবে। লটারির মাধ্যমে যেকানে ৪৭ হাজার ৮৫৬ জন লোক এই সুবিধা ভোগ করতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রিহ্যাবের পরিচালক কামাল মাহমুদ, সহ-সভাপতি নুরুন নবী চৌধুরী, সহ-সভাপতি লিয়াকত আলী ভূইয়া প্রমুখ।

এ বিভাগের আরো..
দেশীয় পণ্যে আস্থা অর্জনে মান নিশ্চিতে গুরুত্ব বিশেষজ্ঞদের
তেঁতুলিয়ায় আই এফ আই সি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা দিবস
বগুড়া যমুনা চরে বাদামের বাম্পার ফলনের সম্ভবনা