নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন দলের ব্যবসায়ী সিন্ডিকেট চালের মূল্য বৃদ্ধির জন্য দায়ী এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘নির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগ দশ টাকা কেজি দরে চাল খাওয়ানোর কথা ঢাকঢোল পিটিয়ে বলেছে। এই দশ টাকা কেজির চাল শুধুমাত্র কেতাবেই আছে, গোয়ালে নেই।’
এসময় তিনি বিএনপির পক্ষ থেকে অবিলম্বে ওএমএসসহ সকল প্রকার চালের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জোর দাবি জানান।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে রিজভী বলেন, ‘রোহিঙ্গা ইস্যুর মতো এমন ভয়াবহ দুর্যোগ মোকাবেলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যের কথা বারবার বলা হলেও সরকার জমিদারের ন্যায় নিজেদেরকে দেশের একক মালিক ভেবে একতরফা ও একগুঁয়েমিভাবে কাজ করছে, ফলে রোহিঙ্গা উপদ্রুত অঞ্চলে এক ভয়াবহ মানবিক বিপর্যয় প্রকট হয়ে উঠেছে। সুযোগ সন্ধানী রাজনীতির খেলায় প্রধানমন্ত্রী রোহিঙ্গাদেরকে দাবার ঘুঁটি বানিয়ে নিজের মহিমা অর্জনের চেষ্টায় ম্যাকিয়াভেলীর নীতি প্রয়োগে অক্লান্ত রয়েছেন।’
আসন্ন দুর্গাপূজা নিয়ে সরকারের নানামুখী নীল নকশা বাস্তবায়নের প্রচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘দুর্গাপূজার প্রাক্কালে দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের দ্বারা হিন্দু মন্দির আক্রমণ এক অশুভ চক্রান্তেরই বহি:প্রকাশ। কিন্তু নির্লজ্জ সন্ত্রাসী তাণ্ডবের এক বিভিষিকা তৈরি করে বিএনপিসহ বিরোধী দলগুলোর ওপর চাপানো আওয়ামী পুরনো নীতি সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আতাউর রহমান ঢালী, আসাদুল হাবীব দুলু, মীর সরাফত আলী সপু, মোহাম্মদ মুনির হোসেন, আমিনুল ইসলাম।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী