ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিকসংখ্যক বিদেশী জাহাজে বাংলাদেশী নাবিকদের কর্মসংস্থানের জন্য ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সহায়তা চেয়েছেন।
সফররত আইএমও’র মহাসচিব কিতক লিম রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ সহায়তার আহ্বান জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের একথা জানান।
করিম জানান, প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ বঙ্গোপসাগরে উপকূলীয় শিপিং খাতের উন্নয়নে ইন্টারন্যাশনাল মেরিটাইম সংস্থার আরো বেশি অংশগ্রহণ কামনা করে।
শেখ হাসিনা আরো বলেন, বাংলাদেশ উচ্চমানের অভ্যন্তরীণ ও সমুদ্রগামী জাহাজ নির্মাণ করছে। একটি উন্নয়নশীল দেশ হিসেবে শিপিং খাতে সক্ষমতা গড়ে তুলতে আইএমও’র সহায়তা প্রয়োজন।
তিনি সমুদ্র দূষণের বিষয়ে আইএমও’র দৃষ্টি আকর্ষণ করে বলেন, এর প্রভাবে বাংলাদেশের সামুদ্রিক সম্পদের ক্ষতি হচ্ছে।
করিম জানান, কিতক লিম বাংলাদেশী নাবিকদের প্রশংসা করে বলেন, আইএমও’র বি-ক্যাটাগরির সদস্য বাংলাদেশ সংস্থাটিতে ভাল করছে এবং এ খাতে এ দেশের অনেক সম্ভাবনা রয়েছে।
আইএমও প্রধান বলেন, তিনি তার বাংলাদেশ সফরকালে চট্টগ্রামে জাহাজ তৈরির কারখানা ও মেরিটাইম একাডেমিসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন