লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব মিজানুর রহমান অপসারণের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় এলাকাবাসী। রোববার সকাল ১০টার দিকে দিঘলী ইউপি কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করেন তারা।
পরিষদের বিভিন্ন কার্যক্রমে তার স্বেচ্ছাচারিতা, অতিরিক্ত টাকা আদায়, হয়রানি এবং অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানায় স্থানীয় এলাকাবাসী। এর আগে ইউপি কার্যালয়ের প্রধান গেইটে তালা লাগান বিক্ষুব্দ জনতা।
ইউনিয়নের দূর্গাপুর গ্রামের ফজলুল হক মেস্ত্রী বাড়ির মো. খোরশেদ আলম জানান, তার ভাইয়ের মৃত্যু সনদ নিতে ভোগান্তীতে পড়তে হয়েছে তাকে। মৃত্যু সনদে ভুল করেছেন কর্তৃপক্ষ অথচ তা সংশোধনে হয়রানি এবং অতিরিক্ত টাকা গুণতে হয়েছে তাকে।
এদিকে একই ইউনিয়নের শানকি ভাঙ্গা জমাদার বাড়ীর বাবুলের স্ত্রী মিনোয়ারা বেগম জানান, জন্ম নিবন্ধনের একটি শব্দ সংশোধনে তার থেকে দুইশত টাকা চাওয়া হয়। অথচ তার পক্ষে ওই টাকা পরিশোধ করা সম্ভব নয়।
পূর্ব দিঘলী ভূঁইয়া বাড়ির আব্দুল খালেক জানান, তার সন্তানের জন্ম নিবন্ধনে ইউপি সচিব তার কাছ থেকে এক হাজার টাকা দাবী করেছেন।
পূর্ব জামিরতলী মোল্লা বাড়ীর নাজিম উদ্দিন জানান, ইউনিয়ন পরিষদ আদালতে মামলা নিয়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে তাকে। সচিব নিজের ইচ্ছা মতো মামলার তারিখ দেন, অথচ তিনিই ওইদিন অনুপস্থিত থাকেন। জামিরতলী মজিদ পাটওয়ারী বাড়ির হোসাইন মাহমুদ মোহন জানান, ট্রেড লাইসেন্সের জন্য সচিব তার থেকে ৪৫ হাজার টাকা দাবী করেছেন।
ইউনিয়ন পরিষদর কার্যালয়ের একটি সূত্র জানায়, সচিব মিজানুর রহমান অযথা সাধারণ মানুষকে হয়রানি করছেন। তিনি নিজ ক্ষমতা বলে ব্যাপক অনিয়মের সাথে জড়িত রয়েছেন। তিনি বিভিন্ন জনের জন্ম নিবন্ধন তার ড্রয়ারে আটকে রেখে অতিরিক্ত টাকা আদায় করেন বলে অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে সচিব মিজানুর রহমান জানান, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তিনি যা করেছেন সবই সরকারি বিধি মোতাবেক করছেন। একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত