October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কোম্পানীগঞ্জে মরিচের গুঁড়া নিক্ষেপে আসামী ছিনতাইয়ের চেষ্টা

নুরুল ইসলাম খসরু, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় মরিচের গুঁড়া নিক্ষেপ করে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ আনসার সদস্য আহত হয়েছেন। রোববার (২০ আগস্ট) দুপুরে বিষয়টি  নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বি জানান, রোববার ভোররাতে বসুরহাট পৌরসভা ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওমর ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, উপজেলার মাদক ব্যবসায়ী মিজান প্রকাশ জামাই মিজান (৩৮) তার শ্বশুর বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশ ও বিশেষ আনসার সদস্যরা বসুরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওমর ফারুকের বাড়িতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মিজান ওরফে জামাই মিজানকে গ্রেফতার করে। গ্রেফতার করে হ্যান্ডকাপ পরানোর সময় মিজান পুলিশ সদস্যদের সাথে ধ্বস্তাধ্বস্তি একপর্যায়ে এএসআই মোশারফ হোসেন ও বিশেষ আনসার আলাউদ্দিনের হাতে কামড় দিয়ে তাদেরকে রক্তাক্ত জখম করে। এসময় মিজানের স্ত্রী রূপা বেগম ও তার পরিবারের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে মরিচের গুঁড়া নিক্ষেপ করে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। নিক্ষিপ্ত মরিচের গুঁড়া চোখে মুখে পড়ে বিশেষ আনসার সদস্য আলা উদ্দিন, আবু সাঈদ ও শহীদুল ইসলাম আহত হয়। আহত আনসার সদস্যদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মাহাবুব বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত মিজান উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আব্দুল হাইয়ের ছেলে। সে তার শ্বশুর বাড়িতে থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। শ্বশুর বাড়িতে থাকে বিধায় কোম্পানীগঞ্জে সে জামাই মিজান হিসেবে পরিচিত। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বি আরো জানান, মিজান চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে কোম্পানীগঞ্জ থানায় দায়ের হওয়া ৬টি মাদক মামলার এজাহারভূক্ত আসামী এবং তার বিরুদ্ধে একটি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। চট্টগ্রামের মিরসরাই থানা ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে বলেও তিনি জানান।