October 13, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভারত-নেপালে বন্যায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৯৫ জন

ডেস্ক : প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রতিবেশি দেশ ভারত ও নেপাল। মৌসুমি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশ দুটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৯৫ জন। নিখোঁজ রয়েছে অনেকে। দমকল বাহিনীর সঙ্গে উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনী।
কয়েকদিন ধরেই বন্যায় নাকাল ভারতের হিমাচল প্রদেশ। এ অবস্থায় রোববার মান্দি-পাঠানকোট মহাসড়কে ঘটে ভয়াবহ ভূমিধস। এতে দুটি যাত্রীবাহী বাস খাদে পড়ে প্রাণহানি ঘটে। বৈরি আবহাওয়ায় উদ্ধার কাজ ব্যহত হলেও, সেনা ও পুলিশ সদস্যদের সহায়তায় চালানো হয় উদ্ধার কাজ। উত্তরখণ্ডেও হয়েছে ভূমিধস। বসতবাড়ি ভূমিধসের কবলে পড়লে, নিখোঁজ হয় তিন সদস্যের একটি পরিবার।
আসামের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে তীব্র আকার ধারণ করেছে বন্যা। আক্রান্ত হয়েছে পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের বেশ কিছু এলাকাও। প্রশাসন বলছে, ২১ জেলার কমপক্ষে সাড়ে ২২ লাখ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
মৌসুমি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কবলে নেপালও। গুরুত্বপূর্ণ শহরের বিভিন্ন সড়ক ও ভবন পানিতে তলিয়ে যাওয়ায়, ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎহীন বেশিরভাগ এলাকা।
প্রশসন বলছে, নেপালজুড়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অর্ধশতাধিক মানুষ। অনেকে নিখোঁজ। কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। হাতি দিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে দমকল ও সেনাসদস্যরা।
রেডক্রসের হিসেবে, প্রাকৃতিক এ বিপর্যয়ে আক্রান্ত হয়েছে কমপক্ষে ১০ লাখ মানুষ। ভূমিধসের শঙ্কায়, দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে নেপাল সরকার। হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা।
জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয় নেপালে। এতে প্রতি বছরই দেখা দেয় বন্যা। আরও বেশ কয়েকদিন এ ধারা অব্যহত থাকবে বলে জানিয়েছে নেপালের আবহাওয়া দপ্তর।