November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বাবুল চন্দ্র দে এবং শাখাওয়াত হোসেনের মিঠুর স্মরণ সভাঃ প্রজন্ম’৭১

ডেস্ক: ‘মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে একটি মহল সবসময় ষড়যন্ত্র করেছে, এখনো করছে। তাদের ষড়যন্ত্র কখনো থেমে থাকেনি। আজকে আবার নতুন করে ষড়যন্ত্রের পদধ্বনি শোনা যাচ্ছে। নতুন করে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানকে খাটো করার প্রয়াস চলছে, দেশের গণতন্ত্রকে অস্থিতিশীল করার পায়তারা চলছে।’ অাজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।

শহীদ মধুসুদন দে’র ছেলে বাবুল চন্দ্র দে এবং শহীদ এনায়েত হোসেনের ছেলে শাখাওয়াত হোসেন মিঠুর স্মরণে প্রজন্ম ৭১ এই স্মরণ সভার আয়োজন করে।

আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার দেশবাসীকে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধ থাকলে সকল ষড়যন্ত্রই ব্যর্থ হবে। সেজন্য যেকোনো পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে নিজেদের প্রয়োজনেই একত্রিত থাকতে হবে।

সম্মেলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, আমরা যারা শহীদ পরিবারের সন্তান তাদের কাছে রক্তের সম্পর্কের চেয়ে আদর্শ আর চেতনার যে মিল সেটি সবসময় মুখ্য ছিল। আমাদের কাছে সবসময় রক্তের সম্পর্কের চেয়ে আদর্শগত চেতনার সম্পর্কটিকেই বেশী গভীর মনে হয়েছে। যে কারণে একে অন্যের বিপদে আমরা সবসময় ছুটে গিয়েছি।

দৈনিক প্রথম কথার ব্যবস্থাপনা সম্পাদক এবং শহীদ বুদ্ধিজীবীর সন্তান শমী কায়সার বলেন, বাবুল দা মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা মৃত্যুর আগে পর্যন্ত ধরে রেখেছেন। তিনি এমনি নিবৃতচারী ছিলেন যে নিজের প্রয়োজনের কথাটিও কাউকে বলতেন না। এটাই প্রজন্ম ৭১ পরিবারের আত্মসম্মানবোধ। তিনি এই সংগঠনটিকে ভীষণ ভালবাসতেন। তিনি স্বপ্ন দেখতেন একদিন এই সংগঠনটি অনেকদূর এগিযে যাবে। মিঠু ভাই প্রজন্ম ৭১ এর একনিষ্ঠ কর্মী ছিলেন। তিনি এই সংগঠনের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন।

প্রজন্ম একাত্তরের সভাপতি শাহীন রেজা নূরের সভাপতিত্বে এবং শহীদ পরিবারের সন্তান শমী কায়সার ও অাসিব মুনিরের সঞ্চালনায় স্মরণ সভায় আরো বক্তব্য দেন মেঘনা গুহঠাকুরতা, ডা. নুজহাত চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, তৌহিদ রেজা নূর, নজরুল ইসলাম, বাবুল চন্দ্র দের কন্যা বর্ণিল, শাখাওয়াত হোসেন মিঠুর কন্যা মৃত্তিকাসহ নিহতদের পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজন। সঙ্গীত ও অাবৃতি করেন শহীদ সন্তান সাদী মোহাম্মদ, রোকাইয়া হাসিনা (নিলি) এবং অনল রায়হান, ও জাহিদ রেজা নূর।