November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিদ্যুৎ স্থাপনায় নাশকতায় ১০ বছরের জেল

ডেস্ক: বিদ্যুৎ স্থাপনায় নাশকতা করলে সর্বোচ্চ ১০ বছরের জেল এবং ১০ কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে ‘বিদ্যুৎ আইন-২০১৭’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।

এর আগে গত বছরের ৮ আগস্ট আইনের খসড়াটি নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।

বিদ্যুৎ স্থাপনায় অনিষ্ট সাধনের ক্ষেত্রে নতুন আইনে শাস্তির বিধান রাখা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কেউ বিদ্যুৎকেন্দ্র, উপ-কেন্দ্র, বিদ্যুৎ লাইন বা খুঁটি বা অন্যান্য যন্ত্রপাতি নাশকতার মাধ্যমে ভেঙে ফেললে বা ক্ষতিগ্রস্ত করলে বা বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে সরবরাহ লাইন বা যন্ত্রের উপর কোন বস্তু নিক্ষেপ করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছর ও সর্বনিম্ন ৭ বছরের কারাদণ্ড বা ১০ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এটা সাবোটাজ বা নাশকতা বলতে যা বোঝায় সেটা।’

তিনি বলেন, ‘আগের আইনে এ শাস্তি ছিল না, এটাই এই আইনের সর্বোচ্চ শাস্তি।’

বর্তমানের বিদ্যুৎ আইন ১৯১০ সালের জানিয়ে শফিউল আলম বলেন, ‘অনেক পুরনো আইন দিয়েই চলছে। সেটাকে আপডেট করার একটা বিষয় ছিল, দীর্ঘদিনের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ সেক্টরেও অনেক পরিবর্তন চলে এসেছে। এজন্য এটাকে পরিমার্জন করে আনা হয়েছে।’