ডেস্ক : আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে বিএনপি আবারও ষড়যন্ত্র করছে।
বঙ্গবন্ধু এভিনিউস্থ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আজ রোববার আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস ও শোকের মাস আগস্ট উপলক্ষে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করতেই এই বর্ধিত সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
আব্দুর রাজ্জাক বলেন, ‘খালেদা জিয়া দেশকে আবার অকার্যকর করার জন্য ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।’
খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দুর্নীতি মামলা থেকে পালানোর জন্যই বেগম খালেদা জিয়া লন্ডনে গেছেন। আর লন্ডনে বসে তিনি জাতীয় নির্বাচন বানচাল করতে এক-এগারোর জাতীয়-আন্তর্জাতিক কুশীলবদের সঙ্গে ষড়যন্ত্র করছেন।
তিনি বলেন, খালেদা জিয়া মূলত লন্ডন গেছেন মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য। হাইকোর্ট, সুপ্রিমকোর্ট দেখিয়ে মামলাকে তিনি অনেক বিলম্বিত করেছেন। এখন মামলা যখন শেষ পর্যায়ে এবং কোনো কারণ দেখিয়ে যখন মামলা আর বিলম্বিত করা যাচ্ছে না ঠিক তখনি তিনি লন্ডন পালিয়ে গিয়েছে। কোনো অশুভ শক্তিকে আবার কিভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো যায় সেই ষড়যন্ত্রে তিনি লিপ্ত রয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম মুরাদ, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।
শাহে আলম মুরাদ বলেন, জাতীয় শোকের মাস আগষ্টকে ঘিরে কোন প্রকার চাঁদাবাজি বা সংগঠন বিরোধী কোন প্রকার কর্মকান্ডের খবর পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী