October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নড়াইল থেকে অপহরণের ৫দিন পর বাবুলকে উদ্ধার

নড়াইল প্রতিনিধি :  নড়াইলে থেকে অপহৃত চতুর্থ শ্রেণীর ছাত্র শিশু বাবুলকে (১০) অপহরণের ৫দিন পর পাবনা থেকে উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ গনি মিয়া উপস্থিত ছিলেন। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান নড়াইলের, কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের ভোমবাগ গ্রামের ফিরোজ হোসেনের শিশু পুত্র স্থানীয় ব্র্যাক স্কুলের ৪র্থ শ্রেনীর ছাত্র বাবুলকে (১০) গত ২২ জুলাই প্রাইভেট পড়তে যাওয়ার সময় বাড়ির সামনে থেকে অপহরন করে নিয়ে যায় দুস্কৃতিকারীরা।
অপহরনের পর অপহরণকারী চক্রের সদস্য দুলাল চন্দ্র সরকার অপহৃত বাবুলের মা জোসনা বেগমের কাছে মোবাইল ফোনে ৫৭ হাজার টাকা মুক্তিপন দাবি করে। এ ঘটনায় শিশু বাবুলের মা জোসনা বেগম বাদী হয়ে কালিয়া থানায় অপহরন মামলা দায়ের করেন। মামলা নং-১৯, তারিখ ২৫/০৭/২০১৭। পরে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে কালিয়া থানা পুলিশ পাবনা পুলিশের সহযোগিতায় জেলার আটঘরিয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রাম থেকে বুধবার (২৬ জুলাই) দুপুরে উদ্ধার করেন। এ ঘটনায় অপহরনকারী দুলাল চন্দ্র সরকারের পিতা গোপেশ্বর চন্দ্র সরকারকে নিজবাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।