November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নিলামে উঠছে মোংলা বন্দরের ৮শ’ কন্টেইনার ও ৫০ গাড়ি

মংলা প্রতিনিধি : মোংলা বন্দরের ৮০০ কন্টেইনার ও ৫০টি বিলাসবহুল গাড়ি নিলামে উঠছে। আগামী ২৫ জুলাই নিলামের দিন ধার্য করা হয়েছে।

দীর্ঘদিন বন্দরের জেটি ও ইয়ার্ডে পড়ে থাকা এসব কন্টেইনার আমদানিকরা ছাড়িয়ে না নেওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে করে বন্দরের জেটি ইয়ার্ড পণ্যজট থেকে কিছুটা রেহাই পাবে বলে আশা করা হচ্ছে।

মোংলা কাস্টমস হাউস সূত্র জানায়,  জেটি ও ইয়ার্ডে এসব পণ্য বছরের পর বছর পড়ে আছে। মালিক বা আমদানিকারকেরা নির্দিষ্ট সময় পার হওয়ার পরও তা ছাড়িয়ে নেয়নি।

নিয়ম অনুযায়ী, ৩০ দিনের মধ্যে এসব আমদানি পণ্য ছাড় করিয়ে না নিলে সরকারই এর মালিক হয়ে যায়। ফলে ৩০ দিনের পর ওই সব পণ্যের নিলাম দেওয়ার বিধি-বিধান রয়েছে। সেই বিধান অনুসারে এই ৮০০ কন্টেইনার ও ৫০ বিলাসবহুল গাড়ি নিলামে উঠানো হচ্ছে।

মোংলা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, মোংলা বন্দর জেটিতে রক্ষিত দীর্ঘদিন পড়ে থাকা খালাস না হওয়া বিভিন্ন মডেলের কার, জীপ, মাইক্রোবাস, পিকআপ গাড়ি ও অন্যান্য মালামাল নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এ লক্ষে আগামী ২৫ জুলাই নিলামের দিন ধার্য করা হয়েছে। এজন্য ১৯ জুলাই থেকে নির্ধারিত মূল্যে দরপত্র বিক্রি শুরু হয়েছ। আগামী ২৪ জুলাই পর্যন্ত দরপত্র জমা দেওয়া যাবে।

দরপত্র জমা দেওয়া যাবে মোংলা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (নিলাম), খুলনা জেলা প্রশাসক, মংলা বন্দরের সহকারী কমিশনারের কার্যালয়, ঢাকা কাস্টম হাউস কমিশনার, দক্ষিণ ঢাকাস্থ কাস্টমস এক্সাইজ, ও ভ্যাট কমিশনারেট কমিশনার, চট্টগ্রামস্থ কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ), যশোরস্থ কাস্টমস এক্সাইজ, ও ভ্যাট কমিশনারেট ডেপুটি কমিশনার (সদর),বেনাপোলস্থ কাষ্টম হাউসের ডেপুটি কমিশনার (নিলাম) এ রক্ষিত টেন্ডার বক্সে।

এরপর আগামী ২৬ জুলাই বেলা ৩টায়  মোংলা কাস্টম হাউসের অডিটরিয়ামে দরপত্রদাতাদের সামনে টেন্ডার বাক্স খোলা হবে।