November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

গ্রহাণুর সাথে সংঘর্ষের পর কি হতে পারে পৃথিবীর

ডেস্ক: নতুন এক বৈজ্ঞানিক গবেষণায় বলা হচ্ছে, বড়ো আকারের কোন গ্রহাণু যদি এই পৃথিবীতে এসে পড়ে, তারপরেও আমাদের এই গ্রহ থেকে সব প্রাণ নিশ্চিহ্ন হয়ে যাবে এমন সম্ভাবনা নেই।

এমনকি, অন্য কোন গ্রহের সাথে যদি এই পৃথিবীর সংঘর্ষও হয়, তারপরেও সব ধরনের প্রাণ পুরোপুরি হারিয়ে যাবে না আমাদের এই প্রিয় গ্রহ থেকে।

অক্সফোর্ড এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একসাথে এই গবেষণাটি চালিয়েছেন। তারা বলছেন, এরকম পরিস্থিতিতে আণুবীক্ষণিক ক্ষুদ্রাতিক্ষুদ্র কিছু প্রাণী বেঁচে থাকতে পারে।

সাড়ে ছয় কোটি বছর আগের এরকম এক ঘটনায় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিলো অতিকায় এক প্রাণী ডায়নোসর।

বলা হয়, পৃথিবীর ইতিহাসে এ ছিলো এক নাটকীয় ঘটনা। কারণ একটা সময় ছিলো এই প্রাণীটিই পৃথিবীতে রাজত্ব করেছে। প্রায় ১৫ কোটি বছর ধরে। কিন্তু এই প্রাণীটির অস্তিত্বও ওই গ্রহাণুর আঘাতে ধ্বংস হয়ে গেছে।

এই গবেষণার সাথে জড়িত বিজ্ঞানীরা বলছেন, টারডিগ্রেইডস নামে পরিচিত এসব প্রাণী যে কোনো ধরনের তেজস্ক্রিয় বিস্ফোরণের সাথেও খাপ খাইয়ে নিতে পারে।

বেঁচে থাকতে পারে মহাকাশের বিশাল শূন্যতার ভেতরেও। শুধু উচ্চ তাপমাত্রা নয়, এমনকি মায়নাস কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মতো প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও বহু বহু বছরেও তাদের মৃত্যু হয় না।

তারা আরো বলেছেন, মৃত্যু বা বিনাশকে জয় করতে পারে এরকম প্রাণী আমাদের সৌরজগতের অন্য কোথাও হয়তো আরো ভালোভাবে বেঁচে থাকতে পারে।

সূত্র: বিবিসি বাংলা