October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

যুক্তরাজ্যে সমকামী বিয়ে করলেন বাংলাদেশি বংশোদ্ভূত যুবক

ডেস্ক:  যুক্তরাজ্যে মুসলমান ধর্মাবলম্বী এক সমকামী জুটি বিয়ে করেছে। ওয়েস্ট মিডল্যান্ডসের ওয়ালসলে শহরে জাহেদ চৌধুরি ও সেয়ান রোগান এ সমকামী বিয়ে করেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে দ্য ইনডিপেনডেন্ট।

ওয়ালসলের বিয়ে নিবন্ধন কার্যালয়ে কয়েকজন আত্মীয়-স্বজনের উপস্থিতিতে এ জুটির বিয়ে হয়। অনলাইনে ছড়িয়ে পড়া বিয়ের ভিডিও এবং ছবিতে তাদেরকে বিয়ের পোশাকে দেখা যায়।

২৪ বছর বয়সী জাহেদ বাংলাদেশি বংশোদ্ভূত। তিনি বলেন বহু বছর আগে থেকেই তিনি সমকামী। আর এ কারণে নিজেকে তার বাংলাদেশি মুসলিম পরিবারের ‘কুলাঙ্গার’ বলে মনে হতো। স্কুলেও তাকে উৎপীড়নের শিকার হতে হয়েছে। এ ছাড়া অন্য মুসলিমরা তার ওপর চড়াও হতো এবং স্থানীয় মসজিদে যাওয়া নিষিদ্ধ ছিল।

পরবর্তীতে সমকামী জাহেদের সঙ্গে ব্রিটিশ সমকামী রোগানের পরিচয় হয়। ২০১৫ সাল থেকে জাহেদ-রোগান জুটি একসঙ্গে বসবাস শুরু করে। গত বছর নিজের জন্মদিনে রোগান তাকে বিয়ের প্রস্তাব দেন। এরপর তারা বিয়ের প্রক্রিয়া শুরু করেন এবং সম্প্রতি বিয়ে রেজিস্ট্রি করেন।