ডেস্ক : চলতি বছরের ২৫ মে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর শিল্পী ও কলাকুশলীদের সম্মাননা দেয় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সেই অনুষ্ঠানে হাজির থেকে সম্মাননা গ্রহণ করার কথা ছিলো শাবানার। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।
অবশেষে কিংবদন্তি নায়িকা শাবানার হাতে পৌঁছল ‘ওরা ১১ জন’ সিনেমার জন্য পরিচালক সমিতির দেওয়া সম্মাননা স্মারক। সোমবার রাতে শাবানার বাসায় গিয়ে সম্মাননা তুলে দিয়ে আসেন সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন।
এ প্রসঙ্গে গুলজার ফেসবুকে লেখেন, ‘গতকাল (সোমবার), জীবন্ত কিংবদন্তি শাবানা আপা মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর একজন গর্বিত অভিনেত্রী হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচলক সমিতির পক্ষ থেকে দেওয়া সম্মাননা গ্রহণ করেছেন।’
গুলজার বলেন, ‘২০ বছর পর শাবানা আপার হাতের রান্না খেলাম। শুধু খাওয়া দাওয়াই নয়, দারুন আড্ডাও হলো। আর এর সবই সম্ভব হয়েছে আমাদের সবার প্রিয় দুলাভাই জনাব ওয়াহিদ সাদিকের জন্য। পেট ভরে খেয়েছি, মন খুলে স্মৃতিচারন করেছি আর প্রান খুলে আনন্দ ভাগাভাগি করে নিয়েছি। অসংখ্য ধন্যবাদ শাবানা আপা ও ওয়াহিদ সাদিক দুলাভাইকে।
গুলজার জানান, ‘শাবানা আপার উপস্থিতিতেই ওয়াহিদ সাদিক দুলাভাই ঘোষনা দিয়েছেন – এখন থেকে তিনি নিয়মিত চলচ্চিত্র নির্মাণ করবেন।’
প্রায় দেড় যুগ আগে সিনেমা থেকে বিদায় নেন শাবানা। স্থায়ী হন যুক্তরাষ্ট্রে। মাঝে মাঝে ঢাকায় এলেও প্রকাশ্যে আসেননি। এবার দেশে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। সে সময় পরিচালক আজিজুর রহমানের শারিরীক অসুস্থতার কথা প্রধানমন্ত্রীকে জানান শাবানা। পরে প্রধানমন্ত্রী ২০ লাখ টাকার অনুদান দেন। এছাড়া কয়েক দিন আগে আলমগীর-রুনা দম্পতির আমন্ত্রণে তাদের বাসায়ও গেছেন শাবানা।
সম্প্রতি ঘোষিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’-এ আজীবন সম্মাননা পাচ্ছেন শাবানা। আগামি ২৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মাননা প্রদান করবেন।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন