ডেস্ক: ঈদ যত ঘনিয়ে আসছে নতুন টাকা নিতে ব্যাংকে গ্রাহকদের ভিড় ততই বাড়ছে। প্রতিদিন নারী ও কিশোর সারি ধরে দাঁড়িয়ে নতুন টাকা বদলে নিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে।
ঈদের বকশিশ মানেই যেন নতুন টাকা। টাটকা কচকচে নোট দিয়ে শিশুদের সীমাহীন আনন্দ এনে দিতে তাই বড়দেরও যেন চেষ্টার কমতি নেই।
ঈদকে সামনে রেখে গত ৮ জুন থেকে নতুন টাকা বিনিময় শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সর্বসাধারণের সুবিধার্থে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচতলার ক্যাশ কাউন্টারের সামনে নতুন টাকা বিনিময়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ নিয়ে একজন ব্যক্তিকে সর্বোচ্চ ৮৭০০ টাকা বদলে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। একজন গ্রাহক যেন একাধিকবার টাকা নিতে না পারে সে জন্য এই ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই পদ্ধতিতে একজন লোকের আঙুলের ছাপ রেখে দেওয়া হয় তিন সপ্তাহ পর্যন্ত। এই তিন সপ্তাহের মধ্যে ওই ব্যক্তি আবার নতুন টাকা নিতে এলে স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়ে যাবেন।
ছেলে-মেয়েরা নতুন টাকা পেলে খুশি হয় বলে গত কয়েক বছর ধরে ঈদের সময় বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকা বদলে নেন অনেকেই।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, এবারও একজন গ্রাহককে ৫০ টাকা, ২০ টাকা, ১০ টাকা, ৫ টাকা এবং ২ টাকার নোটের একটি করে বান্ডেল অর্থাৎ মোট ৮ হাজার ৭০০ টাকা পর্যন্ত নতুন টাকা বদলে নিতে পারছেন। এ ছাড়া কয়েন চাইলে যত খুশি দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিসের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে বিশেষ কাউন্টার খুলে নতুন নোট বিনিময় করা হচ্ছে। রাজধানীতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের পাশাপাশি ১৯টি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখা থেকে নতুন নোট দেওয়া হচ্ছে। শাখাগুলো হলো; জনতা ব্যাংকের আবদুল গনি রোড ও রাজারবাগ, সোনালী ব্যাংকের রমনা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড, রূপালী ব্যাংকের মহাখালী, ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী, সিটি ব্যাংকের মিরপুর, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার, এসআইবিএলের বসুন্ধরা সিটি শপিং মল, উত্তরা ব্যাংকের চকবাজার, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর, পূবালী ব্যাংকের সদরঘাট, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ, ওয়ান ব্যাংকের বাসাবো, ইসলামী ব্যাংকের শ্যামলী, মার্কেন্টাইলের বনানী, ব্যাংক এশিয়ার ধানমণ্ডি এবং ডাচ্-বাংলা ব্যাংকের দক্ষিণখানের এসএমই অ্যান্ড কৃষি শাখা।

এ বিভাগের আরো..
দেশীয় পণ্যে আস্থা অর্জনে মান নিশ্চিতে গুরুত্ব বিশেষজ্ঞদের
তেঁতুলিয়ায় আই এফ আই সি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা দিবস
বগুড়া যমুনা চরে বাদামের বাম্পার ফলনের সম্ভবনা