October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ডেস্ক : আসন্ন ডিসেম্বরে বহুরূপে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। বর্তমানে তিনি তার ‘সিম্পলি কণা’ অ্যালবামের সব ক’টি গানের মিউজিক ভিডিও তৈরিতে ব্যস্ত রয়েছেন। অ্যালবামের অধিকাংশ গানে তিনি নিজেই মডেল হচ্ছেন। বাংলাদেশসহ বিদেশের লোকেশনেও গানগুলোর চিত্রধারণা করা হচ্ছে। প্রতিটি গানেই কণা বৈচিত্র্যময় লোকেশন, আবেদনময়ী রূপ ও আকর্ষণীয় সাজসজ্জা, বর্ণিল পোশাক-পরিচ্ছদে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।

এই সময়ের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণার গাওয়া রোমান্টিক একটি গানের ভিডিও দর্শকরা দেখতে পাবেন। সিএমভি’র প্রযোজনা আর মোশনরক এন্টারটেইনমেন্টের কারিগরি সহায়তায় তেজগাঁওয়ের কোক ফ্যাক্টরিতে সম্প্রতি ভিডিওটির শ্যুটিং শেষ হলো।

সোমেশ্বর আলির লেখা এবং সাজিদ সরকারের সংগীত পরিচালনায় ‘খামোখাই ভালোবাসি’ শিরোনামের গানটির মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন পনি আবেদিন। এর আইডিয়া, ক্রিয়েটিভ ডিরেকশন, পোশাক ও কোরিও গ্রাফিতেও ছিলেন পরিচালক নিজেই।

ঈদে উৎসবকে সামনে রেখে তৈরি এই ভিডিওতে কণাকে চমৎকার একটি সাদা গাউনে দেখা যাবে। এতে ছেলে মডেল ফাইজকেও দেখা যাবে একদম সেল্টিক যুগের রাজকুমারের পোষাকে যার কোমরে ঝুলবে ডিজাইনার তরবারি!

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, শিগগিরই ভিডিওটি মুক্তি পাচ্ছে সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।