November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ১৭ লাখ: বিবিএস

নিজস্ব প্রতিবেদক: দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ১৭ লাখ। এর মধ্যে গত ৬ মাসে বেড়েছে প্রায় সাড়ে ৯ লাখ।  আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই তথ্য দিয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি অডিটোরিয়ামে বিবিএসের এই প্রতিবেদন তুলে ধরেন যুগ্ম পরিচালক এবং প্রকল্প পরিচালক এ কে এম আশরাফুল হক।
বিবিএসের মহাপরিচালক মো. আমীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক।
প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের ১ জানুয়ারির সর্বশেষ হিসেব অনুযায়ী দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ১৭ লাখ ৫০ হাজার। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১০ লাখ এবং মহিলা ৮ কোটি সাড়ে ৭ লাখ।
দেশে নির্ভরতার অনুপাত (ডিপেনডেন্সি রেট)ও কমেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০০২ সালে নির্ভরতার হার ছিল ৮০ শতাংশ, ২০১৬ সালে তা হ্রাস পেয়ে হয় ৫৪ শতাংশ। তবে গত ৫ বছরে তা প্রায় স্থিতিতে রয়েছে।২০১৬ সালের ১ জুলাইতে এই জনসংখ্যা ছিল ১৬ কোটি ৮ লাখ আর ২০১২ সালে দেশের মোট জনসংখ্যা ছিল ১৫ কোটি ২৭ লাখ।
উচ্চ প্রজনন হারের কারণে নারী-পুরুষের লিঙ্গানুপাত কমেছে। ২০১২ সালে যেখানে লিঙ্গানুপাত ছিল ১০৪ দশমিক ৯, ২০১৬ সালে তা ১০০ দশমিক ৩ এ নেমে আসে।
বিবিএসের তথ্যানুযায়ী দেশে অন্যান্য ধর্মালম্বীর সংখ্যা বেড়েছে। ২০১২ সালে অন্য ধর্মের হার ছিল ১১ দশমিক ২ শতাংশ, তা ২০১৬ সালে ১১ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে।
তবে তথ্যানুযায়ী মোট জনসংখ্যার তুলনায় মুসলিম জনগোষ্ঠী কমেছে, এর পরিমাণ শূন্য দশমিক ৪ শতাংশ। ২০১২ সালে মোট জনসংখ্যার ৮৮ দশমিক ৮ ভাগ মুসলমান, ২০১৬ সালে ছিল ৮৮ দশমিক ৪।