আগামী নির্বাচনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে নির্বাচন কমিশনের প্রস্তাবিত ‘রোডম্যাপ’-এর বিষয়ে আওয়ামী লীগ পজিটিভ বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল কমলাপুর বাস ডিপোতে আসন্ন রমজানের ঈদে বিআরটিসি’র সেবার মান বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনের রোডম্যাপের কথা শুনেছি। আমাদের প্রতিক্রিয়া পজিটিভ। নির্বাচন নিয়ে অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের
বলেন, নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। এদিকে আসন্ন রমজানের ঈদে ঘরমুখো যাত্রীদের সেবা নিশ্চিত করতে বিআরটিসি’র নয়শ’ বাস প্রস্তুত থাকবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘এই নয়শ’ বাসের পাশাপাশি তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবিলায় মহাখালী, গাবতলী, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ টার্মিনালে পঞ্চাশটি বাসও প্রস্তুত রাখা হবে। যাত্রীসেবা প্রদানের বিষয়াদি তদারক করতে খোলা হবে নিয়ন্ত্রণ কক্ষ। ৯শ’টি বাসের মধ্যে ৪৬৬টি বাস জেলা-উপজেলা পর্যায় পর্যন্ত যাবে। ওবায়দুল কাদের বলেন, ঈদের সময়ে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিসি’র তিনটি মনিটরিং টিম রাখা হবে। এছাড়া সড়কে যানবাহনের কোনো প্রকার সমস্যা হলে তাৎক্ষণিকভাবে মেরামতের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট চারটি কারিগরি টিম টাঙ্গাইল, বগুড়া, রংপুর এবং কাঁচপুর ব্রিজ এলাকায় স্ট্যান্ডবাই রাখা হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ঈদের সাতদিন আগ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদ পরবর্তী তিনদিন পর্যন্ত স্পেশাল সার্ভিস চলবে। ঈদের সময় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া আদায় করতে দেয়া হবে না। তিনি বলেন, ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে রাখতে সড়কে ট্রাফিক পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়োজিত থাকবে। বিআরটিসিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বিআরটিসির শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বিআরটিসিকে সুনামের ধারায় ফিরিয়ে আনুন। দুর্নীতি বন্ধ করতে হবে। জনগণ যেসব অভিযোগ করে সেসব অভিযোগ অমূলক নয়। এ সময়ে তিনি জানান, ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বিআরটিসি’র জন্য ছয়’শ বাস এবং পাঁচ’শ ট্রাক সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ডিসেম্বর নাগাদ বাস ও ট্রাকের বহর ঢাকায় আসতে শুরু করবে। এর আগে মন্ত্রী বিআরটিসি’র অবসরপ্রাপ্ত ২১ জন কর্মকর্তা-কর্মচারীর অনুকূলে পেনশন ও গ্র্যাচুইটির বকেয়া পাওনার চেক তুলে দেন। সভায় এসময় বিআরটিসি’র চেয়ারম্যান মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী