ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় বক্তারা দেশের সকল মানুষকে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।
বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই আহবান জানান।
নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দেশবাসিকে শেখ হাসিনার পাশে দাঁড়াতে হবে। তিনি দেশকে সোনার বাংলা হিসাবে গড়ে তুলবেন।
আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে সভায় দলের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও সৈয়দ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আফ ম বাহা উদ্দিন নাছিম, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, নাট্যব্যক্তিত্ব মমতাজ উদদিন আহমদ, শহীদ বুদ্ধিজীবীর সন্তান ডা. নুজহাত চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
১৯৮১ সালে শেখ হাসিনার দেশে ফেরার গুরুত্ব তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, বিএনপির অনেক কাজের সমালোচনা হতে পারে কিন্তু একটি কাজের প্রশংসা করতে হয়। তা হলো বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনকে আদর্শ মনে করে সেটার অনুকরণে তাদের ভিশন ঘোষণা করেছে।
সৈয়দ আশরাফুল ইসলাম পচাত্তর পরবর্তী সময়ে আওয়ামী লীগের হাল ধরার জন্য শেখ হাসিনার প্রয়োজন ছিল উল্লেখ করে বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু পরিবারের নির্মম হত্যাকান্ডের পর আওয়ামী লীগের নেতৃত্বে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে এসে আওয়ামী লীগের হাল ধরে সেই শূন্যতা পূরণ করেছেন।
আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঐক্য বদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেখ ফজলুল করিম সেলিম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না।
বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূলে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে এক প্লাটফর্মে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ দেশ থেকে জঙ্গি এখনো নির্মূল হয় নি। এই সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবিলা করতে হলে, খন্ড খন্ড ভাবে প্রতিবাদ করলে চলবে না। মুক্তিযুদ্ধের সকল শক্তিকে এক মঞ্চে দাঁড়াতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। (বাসস)

এ বিভাগের আরো..
রাষ্ট্রপতি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন
রাষ্ট্রপতি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন আগামীকাল
ভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোকারীদের চিনে রাখতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী