ডেস্ক: পরকীয়া সম্পর্কের অবনতি ও চাহিদা মতো টাকা না পেয়ে মামিকে গলা কেটে হত্যা করেন আহমেদ শরীফ শাকিল (২৭)।
বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. আব্দুল বাতেন।
তিনি জানান, শাকিল তাদের জানিয়েছেন, মামি রোজিনা আক্তার মিতুর সঙ্গে তার পরকীয়া সম্পর্ক থাকলেও মামির অন্য পরকীয়ার সম্পর্ক জেনে যাওয়ায় তার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। এছাড়া আগের মতো মামির থেকে টাকা না পাওয়ার জেরে মিতুকে হত্যার পরিকল্পনা করেন তিনি। এজন্য কচুক্ষেত ওয়েস্টার্ন বাজার থেকে একটি চাকু কেনেন। পরে ওই চাকু দিয়ে গলা কেটে মামিকে হত্যা করেন।
গত ১৮ এপ্রিল রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর এলাকায় নিজ বাসায় মিতুকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় গত রাতে মাদারীপুরের শিবচর এলাকা থেকে মামলার প্রধান আসামি তার স্বামীর ভাগ্নে শাকিলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
সংবাদ সম্মেলনে আব্দুল বাতেন আরও জানান, মামির কাছ থেকেই প্রায় সময় হাত খরচের টাকা নিতেন শাকিল। কিন্তু একপর্যায়ে শাকিলকে হাত খরচের টাকা দেয়া কমিয়ে দেয় মিতু। এসব ক্ষোভ থেকে মামিকে হত্যার সিদ্ধান্ত নেয় শাকিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল জানিয়েছেন, ঘটনার আগের দিন (১৭ এপ্রিল) শাকিল মামি মিতুকে বেশ কয়েকবার ফোন দেয় ও মেসেজ পাঠান। কিন্তু কোনো উত্তর পাননি। তখন তিনি মিতুর বাসার পেছনে গিয়ে অবস্থান নেন। এরপর সকালে ১০টার দিকে একবার বাসার দরজায় নক করলেও কোনো সাড়া পাননি। অপেক্ষার একপর্যায় মিতুর ফুপাতো ভাই নজরুলকে বাসা থেকে বের হতে দেখে শাকিল ক্ষিপ্ত হয়ে ওঠেন। ওইদিন কচুক্ষেত বাজার থেকে একটি চাকু কেনেন।
পরে মিতুর বাসায় গিয়ে দরজা নক করলে তার মেয়ে পহেলা ও বাবুনি দরজা খুলে দেয়। তখন মিতু বাথরুমে থাকায় শাকিল ওই দরজায় নক করেন। বাথরুমের দরজা খোলার সঙ্গে সঙ্গে শাকিল ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ভেতরে কথা কাটাকাটির এক পর্যায়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন।
মিতুর মৃত্যু নিশ্চিত হওয়ার পর শাকিল দ্রুত বের হয়ে বাড়ির দেয়াল টপকে পালিয়ে যান। তবে হত্যায় ব্যবহৃত ছুরিটি ওই দেয়ালে ফেলে যান। গ্রেফতারের পর শাকিলের দেয়া তথ্যের ভিত্তিতেই ওই ছুরিটি উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
তিনি আরও জানান, শাকিল খুনের কথা স্বীকার করেছেন। সম্পর্কে টানাপোড়েন ও আর্থিক লেনদেন মামি হত্যার প্রধান কারণ।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২