November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

’দরিদ্র ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধার জন্য সরকারি বাসভবন নির্মাণ করবে সরকার’

সাইফুর রহমান শহীদ, মানিকগঞ্জ থেকে : এ বছর থেকে প্রত্যেক উপজেলায় ১০ জন দরিদ্র ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধার জন্য সরকারি বাসভবন এবং কোয়ার্টার নির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বুধবার মানিকগঞ্জের দৌলতপুর থানা সংলগ্ন মেইন রোডের পাশে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের তিন তলা নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একসময় মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে ভয় পেতো হতো। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের পাকা বাড়ি তৈরি করে দিয়েছেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের প্রতিটি ক্ষেত্রে কোটা ভিত্তিক চাকরি, যেকোনো সরকারী অফিসে গেলে বসার জন্য আলাদা ভাবে স্থান করে দেওয়ার জন্য সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, ১৯৭০ সালে নৌকায় ভোট দিয়ে দেশ স্বাধীন করেছি, এবার নৌকায় ভোট দিয়ে স্বাধীনতাকে রক্ষা করতে হবে। ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি চুক্তি হয়েছে, আমাদের সরকারের দেড় বছর মেয়াদের মধ্যে তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জজ কোর্টের পি পি এ্যাড. আব্দুস ছালাম। এছাড়া উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এ.বি.এম আনোয়ারুল হক, এলজিইডির প্রকল্প পরিচালক আব্দুল হাকিম, নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল বারেক হাওলাদার, উপজেলা চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক তোজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা প্রমুখ।