ডেস্ক: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘মূর্তি’ স্থাপনের বিরোধিতাকারীদের অকথ্য ভাষায় গালি দিয়ে বানরের সঙ্গে তুলনা করায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠান হয়েছে।
নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে মিডিয়ার মাধ্যমে বক্তব্যর জন্য জাতির নিকট ক্ষমা প্রার্থনার কথাও বলা হয়েছে। অন্যথায় মঈন উদ্দীন খান বাদলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করা হয়েছে নোটিশে।
বুধবার ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক ও সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের চেয়ারম্যান হাফেজ মুহম্মদ আব্দুস সাত্তারের পক্ষে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, “১৩ এপ্রিল মাগুরা জেলা জাসদের সমাবেশে প্রধান অতিথির ভাষণে আপনি (মঈন উদ্দীন খান বাদল) জাতীয় ঈদগাহের পাশে স্থাপিত মূর্তির যারা বিরোধিতা করে তাদের বানরের সাথে তুলনা করে অকথ্য ভাষায় গালি দেন যা শিষ্টাচার বহির্ভূত, অপমানজনক, অসভ্য ও আপত্তিকর। আপনার এমন ভাষা ব্যবহার দেশের ৯২ ভাগ মুসলিম সমাজকে অপমানিত করেছে।”
নোটিশে আরও বলা হয়, ‘মঈন উদ্দীন খান বাদলের বক্তব্য সংবিধান পরিপন্থী যা আইনত দণ্ডনীয়। এতে জাতীয় সংসদের সদস্য হিসেবে তার শপথ ভঙ্গ হয়েছে।’
সূত্র: জাগো নিউজ

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা