October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পাকিস্তান সফরের জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছে পিসিবি

ডেস্ক:  পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী জুলাই-আগস্টে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরের কথা ছিল। চলতি এপ্রিল মাসের শুরুতে বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। তবে মাস শেষ হওয়ার আগেই নিজের অবস্থান থেকে সরে গেলেন তিনি। চলতি বছরে বাংলাদেশ সফর করবে না পাকিস্তান ক্রিকেট দল।

শাহরিয়ার খানের বরাত দিয়ে খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্মতিতে এ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

কিন্তু আইসিসির সভায় যোগ দিতে দুবাই যাওয়ার আগে বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপন বলেছিলেন, জুলাই-আগস্টে পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। এরপর হঠাৎই সফর স্থগিত ঘোষণা করলেন পিসিবি প্রধান।

জুলাই-আগস্টের ওই সফরে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দুইটি টেস্ট, তিনটি ওডিআই এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। পিসিবির পক্ষ থেকে সফর স্থগিতের ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কিছু বলেননি বিসিবির কর্মকর্তারা।

গত কয়েক বছর ধরে পাকিস্তান সফরের জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছে পিসিবি। জুলাই-আগস্টের সফর স্থগিতের ঘোষণার সময়ও এ বছরে বাংলাদেশকে আতিথেয়তা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শাহরিয়ার খান।

তিনি বলেন, কোনো বিনিময় ছাড়া দুইবার বাংলাদেশ সফর করেছে পাকিস্তান ক্রিকেট দল। আমরা মনে করি, টানা তৃতীয়বার আমরা বাংলাদেশ সফরে যেতে পারি না। তাই সফর স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। আগামী বছর বা অন্য কোনো সময়ে আমরা একটা উইন্ডো খুঁজবো।

তবে শ্রীলঙ্কার কলম্বোতে গত ২ এপ্রিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা শেষে পিসিবি প্রেসিডেন্ট বলেছিলেন, জুলাই-আগস্টে বাংলাদেশ সফর করবে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশেই বা নিরপেক্ষ কোনো ভেন্যুতে পাকিস্তানের ঘরোয়া সিরিজও আয়োজন করা হবে।

২০০৭-০৮ মৌসুমে সর্বশেষ পাকিস্তান সফর করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এরপর ২০১১-১২ এবং ২০১৫ সালে বাংলাদেশ সফর করেছে পাকিস্তান। চলতি বছরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পিসিবি বাংলাদেশকে আমন্ত্রণ জানালেও তাতে রাজি হয়নি বিসিবি। গত দুই বছরে পাকিস্তান সফর করতে অস্বীকৃতি জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।

২০১৫ সালে বাংলাদেশ সফরের সময় নিজেদের ঘরোয়া সিরিজ খেলার দাবিতে ৩ লাখ ২৫ হাজার ডলার নিয়েছিল পাকিস্তান। চলতি বছর এই ধরনের প্রস্তাব নাখচ করে দিয়েছে বিসিবি। পিসিবির সঙ্গে রাজস্ব বণ্টনে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যুতে খেলার পথ খোলা রেখেছে বাংলাদেশ।