November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিনোদ খান্না আর নেই

ডেস্ক : বলিউডের বর্ষীয়ান অভিনেতা বিনোদ খান্না আর নেই। আজ সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে প্রয়াত হন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

বেশ কিছুদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন এই অভিনেতা। তাঁকে বলা হত ‘ম্যাটিনি আইডল’। বিনোদ খান্নার প্রয়াণে গোটা বলিউড জুড়ে এখন শোকের ছায়া। শোকস্তব্ধ তাঁর অসংখ্য অনুরাগী।

১৯৪৬ সালের ৬ অক্টোবর বর্তমান পাকিস্তানের পেশোয়ারে জন্ম হয় বিনোদ খান্নার। ১৯৬৮ থেকে ২০১৩ পর্যন্ত প্রায় ১৪১টি ছবিতে অভিনয় করেন তিনি।

‘অমর আকবর অ্যান্টনি’, ‘পূরব অউর পশ্চিম’, ‘আন মিলো সাজনা’, ‘মুকাদ্দার কা সিকান্দার’, ‘খুন পাসিনা’, ‘হেরা ফেরি’, ‘জমির’, ‘দাবাং’ -র মতো বহু সুপারহিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে।

ছয় ফুট লম্বা,  ক্লিন সেভ ইমেজ লেডি কিলার ইমেজ।  সবমিলে অ্যাকশন রোমান্টিক হিরোর স্থান হিসেবে লাখো দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন বিনোদ খান্না। সত্তর দশকের শেষ থেকে আশির দশক টানা সময়ে একের পর এক সুপার হিট ছবির নায়ক ছিলেন।

অভিনেতা ছাড়াও রাজনীতিবিদ হিসাবে পরিচিতি রয়েছে বিনোদ খান্নার। বিজেপির হয়ে পাঞ্জাবের গুরুদাসপুর থেকে ১৯৯৭ সালে লোকসভা নির্বাচনে জয়ী হন তিনি।

তিন পুত্র এবং এক কন্যাকে রেখে গেলেন এই অভিনেতা।

সূত্র: পূর্ব পশ্চিম