October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কালবৈশাখী ঝড়ে আক্রান্ত রূপপুর বিদ্যুৎপ্রকল্প : কোটি টাকা ক্ষতির শঙ্কা

ডেস্ক : কালবৈশাখী ঝড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনার পর সাময়িকভাবে প্রকল্পটির নির্মাণ সংক্রান্ত কাজ বন্ধ রয়েছে। প্রকল্প এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার বাসসের খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, বুধবার রাতে ঝড়ে এ প্রকল্পের ক্রেন ভেঙে গেছে। নির্মাণাধীন অস্থায়ী শেডের একটি লোহার স্ট্রাকচার ভেঙ্গে পার্শ্ববর্তী ভবনের উপর হেলে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর থেকে স্থাপনা নির্মাণ সংক্রান্ত সকল কাজ বন্ধ রয়েছে।
প্রকল্প এলাকায় নির্মাণাধীন গ্যংট্রি ক্রেন ভেঙ্গে পড়ে ওয়ার্কশপ ভবন বিধ্বস্ত হয়েছে। এছাড়া সাইট অফিসের নির্মাণাধীন গ্রীণ সিটি এলাকায় একটি গাছ ভেঙ্গে পড়ে ৭০ ফিট পুরাতন সীমানা প্রাচীর ভেঙ্গে গেছে।
প্রকল্প সূত্র জানায়, বুধবার রাত সাড়ে দশটার দিকে রূপপুর এলাকায় প্রবল বেগে ঝড় শুরু হলে গ্যংট্রি ক্রেনটি স্বয়ংক্রিয়ভাবে চলতে চলতে এক পর্যায়ে ভেঙ্গে ওয়ার্কশপের উপর আছড়ে পড়ে। গ্যাংট্রি ক্রেনের ওজনে মাটি দেবে যায় এবং ওয়ার্কশপটি বিধ্বস্ত হয়।
তারা আরও জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি সাইট অফিস এলাকায় নির্মাণাধীন গ্রীণ সিটির পাশে গাছ ভেঙ্গে পড়ে ৭০ ফিট সীমানা প্রাচীর ভেঙ্গে যাওয়ায় প্রকল্পের অনেক ক্ষতি হয়েছে।
ঝড়ো বাতাসে লোহার তৈরি পুরো স্ট্রাকচারটি কাত হয়ে পাশের ওয়ার্কশপের ছাদে গিয়ে পড়ে। এসময় ওয়ার্কশপ বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রকল্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন স্ট্রাকচার হেলে পড়ার ঘটনা স্বীকার করে বলেন, এতে কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে হেলে পড়া স্ট্রাকচারটি অপসারণের কাজ চলছে।