November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পরিবহনের সঙ্গে জড়িতদের অনেকেই খুব প্রভাবশালী : কাদের

ডেস্ক : বেসরকারি সড়ক পরিবহন খাতের সঙ্গে জড়িত অনেকেই খুব প্রভাবশালী বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সচিবালয়ে মঙ্গলবার (১৮ এপ্রিল) বিআরটিসির বাসচাপায় নিহত ছাত্রীর পরিবারের হাতে ক্ষতি পূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন।

গত ১৬ এপ্রিল থেকে রাজধানীতে বাসে সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্তের কারণে নৈরাজ্য সৃষ্টি হওয়ায় সিদ্ধান্তটি পর্যালোচনা জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান ও মালিক সমিতির নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। সেই পর্যালোচনা সভাটি বুধবার হবে বলেও জানান ওবায়দুল কাদের।

সিটিং সার্ভিস বন্ধে বিআরটিএর অভিযানের কারণে রাজধানীতে বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দিয়ে গণপরিবহনের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী। কোনো কোনো মালিক সিটিং সার্ভিস লোকাল করলেও ভাড়া নিচ্ছে আগের মতোই।

যারা গাড়ি চালাচ্ছেন না, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না- এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘কেউ নানা অজুহাতে যদি গাড়ি না চালায়, আমরা কি…, আমাদের দেশের বাস্তবতা কি, আমার জোর করে গাড়ি নামাতে পারব? আর গাড়ির সাথে যারা জড়িত, তারা খুব সামান্য মানুষ নয়। তারা অনেকেই খুব প্রভাবশালী।’

তিনি বলেন, ‘যারা এসব বিষয়ে তাগিদ দিয়ে ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেবে, তারাই আবার কখনো কখনো এ ব্যাপারে অনীহা প্রকাশ করে, ভোগান্তিটা হয় পাবলিকের, সাধারণ মানুষের। এটা হলো বাস্তবতা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই।’

পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা কি সরকারের চেয়েও প্রভাবশালী- একজন সাংবাদিক জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘শোনেন, সরকারের চেয়ে প্রভাবশালী এ কথাটা ঠিক নয়। সরকার যখন এটা বাঁধন-কষণ শুরু করবে তখন ফস্কা গেড়ো হয়ে যায়। তখন আপনারাও বলেন সরকার বাড়াবাড়ি শুরু করেছে।’

‘কখনো বলেন মালিকরা বাড়াবাড়ি করছে, শ্রমিকরা বাড়াবাড়ি করছে। সরকার যখন তাদের বিরুদ্ধে স্টেপ নিতে যায় তখন কি হয়? তখন হয় রাতের অন্ধকারে সীতাকুন্ডে ওয়েস্কেল মেশিন পুড়িয়ে দেয়। হাজার হাজার মিছিল করে। তখন তাদের প্রতিরোধ করার মতো …একটা মব তৈরি হয়, তারপর কেউ আসে না।’

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘এটাই হলো বাস্তবতা আমি বজ্র আঁটুনি করতে গিয়ে ফস্কা গেড়ো হয়ে যাবে। এখানে রিয়েলিস্টিক অ্যাপ্রোচ মেনে আমাকে কাজ করতে হচ্ছে।’