October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

গর্ভবতী নারীর অলিম্পিক সাঁতারের প্রস্তুতি

ডেস্ক: ২০২০ টোকিও অলিম্পিকে অংশ নিতে প্রস্তুতির জন্য অ্যাথলেটদের হাতে সময় আছে আরও প্রায় ৩ বছর। তবে অলিম্পিকের মতো বড় আসরের প্রস্তুতির জন্য এ যেন খুব কম সময়। গত বছর রিও ডি জেনেরিও অলিম্পিক আসর শেষ হওয়ার পর পরই পরবর্তী অলিম্পিকের প্রস্তুতি নিতে শুরু করেছেন অনেকেই।

বিবিসি
গত বছর যারা প্রস্তুতির বিষয়ে মাথা ঘামাননি, তারাও এ বছরে প্রস্তুতি পর্ব শুরু করেছেন। তাদের মধ্যে একজন মার্কিন যুক্তরাষ্ট্রের সাঁতারু ডানা ভলমার। ২০১৬ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত অলিম্পিক আসরে ৭টি পদক জিতেছিলেন তিনি। পদক জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে টোকিও অলিম্পিক আসরেও অংশ নেবেন যুক্তরাষ্ট্রের এ সাঁতারু
তবে ২০২০ টোকিও অলিম্পিকে ডানা ভলমারের অংশ নেওয়ার লড়াইটা অনেকটা ভিন্ন। গত বছরে স্বাভাবিক শরীরে অলিম্পিকে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু এখন ৬ মাসের গর্ভবতী ডানা ভলমার। আর টোকিও অলিম্পিকের জন্য গর্ভে সন্তান নিয়েই পুলে নামছেন এ সাঁতারু।
রিও অলিম্পিক শেষ হওয়ার পর গত বৃহস্পতিবারই প্রথমবারের মতো পুলে নেমেছেন ডানা। এরপর তিনি জানালেন, আমার কাছে আসন্ন অলিম্পিকের প্রস্তুতি বিশেষ মর্যাদার। পুলে নেমে মনে হয়েছে, পাকস্থলীতে ‘বোলিং বল’ নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আগামী জুলাইতে আমার দ্বিতীয় সন্তান জন্মানোর সম্ভাব্য তারিখ দিয়েছেন চিকিৎসক। এ অবস্থায় অলিম্পিক প্রস্তুতির জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো, সঠিক সুইমিং কস্টিউম খুঁজে পাওয়া।

বিবিসি
ডানা ভলমার বলেন, অলিম্পিক প্রস্তুতির জন্য চিকিৎসকের অনুমতি পেয়েছি। তবে সুইমিং কস্টিউম নিয়ে ঝামেলা পোহাতে হচ্ছে। ২৬ মাপের সাঁতারের পোশাক নিয়ে রিও অলিম্পিকের পুলে নেমেছিলাম। কিন্তু এখন প্রস্তুতির জন্য ৩২ মাপের পোশাক পরতে হচ্ছে। এছাড়া অনুশীলন কর্মসূচিতেও পরিবর্তন আনতে হয়েছে।
প্রসঙ্গত, ২০১২ সালের অলিম্পিক ১০০ মিটার বাটারফ্লাইতে স্বর্ণপদক জিতেছিলেন ডানা ভলমার। এরপর প্রথম সন্তান জন্মদানের জন্য কিছু সময় বিরতিতে থাকলেও রিও অলিম্পিকের আগে পুলে ফেরেন তিনি। তবে দ্বিতীয় সন্তান জন্মদানের আগে বিরতি না নিয়ে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ২৯ বছর বয়সী এ সাঁতারু।
গর্ভাবস্থায় সাঁতার প্রতিযোগিতায় অংশ নেওয়া বা প্রস্তুতি নেওয়ার এটাই প্রথম ঘটনা নয়। ২০১৪ সালে ইউএস ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে ৮০০ মিটার সাঁতারে কোয়ার্টার ফাইনালে অংশ নেওয়ার সময় ৮ মাসের সন্তানসম্ভবা ছিলেন অ্যালিসিয়া মনটানো।