November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিওএ’র নির্বাচনে সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদ জয়ী

ডেস্ক :  বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদ সবকটি পদে জয়ী হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিওএ ভবনে ৮০ জন কাউন্সিলরের মধ্যে ৭৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এই নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান সভাপতি সেনা বাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং মহাসচিব পদে সৈয়দ শাহেদ রেজা নির্বাচিত হয়েছেন।

যেসব পদে নির্বাচন হয় সেগুলো হলো- সহ সভাপতি (তিনটি), উপমহাসচিব (দু’টি), কোষাধ্যক্ষ (একটি) এবং সদস্য (১৭টি)।

পাঁচ সহ-সভাপতি পদের মধ্যে পেট্রোন কোটা ও মহিলা ক্রীড়া সংস্থার কোটায় যথাক্রমে অঞ্জন চৌধুরী পিন্টু ও মাহবুব আরা গিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বাকি তিনটি সহ-সভাপতি পদের মধ্যে বাদল রায় সর্বোচ্চ ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একইপদে শেখ বশির আহমেদ ও নাজিম উদ্দিন চৌধুরী সমান ৬৪টি করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে ১৯ ভোট পেয়ে হেরে গেছেন বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মানু।

উপ-মহাসচিবের তিন পদে নির্ধারিত কোটায় নজিব আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপমহাসচিব পদে আশিকুর রহমান মিকু সর্বোচ্চ ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একইপদে আসাদুজ্জামান কোহিনুর ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে বিদ্রোহী প্রার্থী ইন্তেখাবুল হামিদ অপু ২০ ভোট পেয়ে হেরে গেছেন। কোষাধ্যক্ষ পদে কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে বিদ্রোহী প্রার্থী এসএম ইমতিয়াজ খান বাবুল ১৪ ভোট পেয়ে হেরে গেছেন। ২৩টি সদস্য পদের মধ্যে ৬জন এর আগেই সংরক্ষিত কোটায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- আশরাফ উদ-দৌলা, হামিদা বেগম, মো. ওমর ফারুক, অশোক কুমার বিশ্বাস, কে এম শহীদউল্যা ও মোহাম্মদ ওসমান সরোয়ার।

বাকি ১৭ পদে নির্বাচন হয়েছে। এর মধ্যে অলিম্পিক ফেডারেশনভুক্ত ১৪টি ও আঞ্চলিক ক্যাটাগরিতে ৩টি সদস্য পদে ভোট গ্রহণ হয়েছে।

এর মধ্যে ফেডারেশন কোটায় নির্বাচিত ১৪ জন হলেন- এ. কে. এম. নূরুল ফজল বুলবুল (৭১), আবদুস সাদেক (৬৯), এম বি সাইফ (৭০) মো. আমির হোসেন বাহার (৬৭), মোহাম্মদ আলী দ্বীন (৬৮), তাবিউর রহমান পালোয়ান (৭১), মো. শওকত আলী খান জাহাঙ্গীর (৭১), এম. এ কুদ্দুস খান (৭১) লে. কমা. (অব.) এ কে সরকার (৭১), অ্যাডভোকেট আব্দুর রকিব (মন্টু) (৭০), মাহমুদুল ইসলাম রানা (৭০), হাজ মো. খোরশেদ আলম (৬৯), আহমেদুর রহমান (৭০), এ কে এম সেলিম (৬৭)। এই ক্যাটাগরিতে খন্দকার হাসান মুনীর ১৭ ভোট পেয়ে হেরে গেছেন।

আঞ্চলিক ক্যাটাগরিতে সদস্য পদে সিরাজ উদ্দিন মুহাম্মদ আলমগীর (৬৯), আলহাজ্ব এস এম মোর্ত্তজা রশিদী দারা (৬৮), মাহমুদ জামাল (৬৭) নির্বাচিত হয়েছেন। একই পদে দেওয়ান সফিউল আরেফীন টুটুল ১২ ভোট পেয়ে হেরে গেছেন।