আদালত প্রতিবেদক : খুলনার শিশু রাকিব (১২) হত্যার দায়ে গ্যারেজ মালিক শরীফ ও তার সহযোগী মিন্টু খানের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার রাকিব হত্যার ডেথ রেফারেন্স ও আপিল মামলার এ রায় দেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ।
গত বুধবার (২৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন ঠিক করে আদেশ দেন। ওইদিন মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানি শেষ হয়।
আদালতে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল ও এসএম মোবিন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির ও সহকারি অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম ও বিলকিস ফাতেমা।
গত ১০ জানুয়ারি পেপারবুক থেকে নথিপত্র পড়া শুরু করা হয়। ২০১৫ সালের ১০ নভেম্বর চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার রায়সহ নথিপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে আসে। এর আগে ওই বছরের ৮ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করে খুলনা মহানগর দায়রা জজ আদালত। রায়ে তিন আসামির মধ্যে শরীফ মোটর্সের মালিক ওমর শরীফ ও তার দূরসম্পর্কের চাচা মিন্টু মিয়াকে মৃত্যুদণ্ড দেন বিচারক। আর শরীফের মা বিউটি বেগমকে খালাস দেয়া হয়।
মাত্র ১০ কার্যদিবসে এ মামলার বিচার কাজ সম্পন্ন হয়। বিচার বিভাগের জন্য ইতিবাচক হওয়ায় বেশ প্রশংসা কুড়িয়েছে মামলাটি। এখন ডেথ রেফারেন্সের শুনানি শেষ হলে দণ্ড কার্যকরের জন্য চূড়ান্ত দিকে যাবে।
নিয়ম অনুযায়ী, বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে, যা ‘ডেথ রেফারেন্স মামলা’ হিসেবে পরিচিত। এর মধ্যে আইন অনুযায়ী নির্ধারিত সময়ে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পায় আসামিপক্ষ।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩ আগস্ট পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু রাকিবকে হত্যা করা হয়। আলোড়ন সৃষ্টিকারী এই হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত চার্জশিট দাখিল করে পুলিশ। হত্যাকাণ্ডের চার মাসের মধ্যেই খুলনার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা এই মামলার রায় দেন। রায়ে আসামি শরীফসহ দুই জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া অন্য আসামি শরীফের মা বিউটি বেগমকে খালাস দেন।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা