October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কলম্বিয়ায় ভূমিধস: জরুরি অবস্থা ঘোষণা

ডেস্ক : কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী মোকোয়া শহরে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৬২ জনে দাঁড়িয়েছে। সোমবার প্রাথমিকভাবে নিহতদের মরদেহ সমাহিত করার পর দেশটিতে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস।
তিনি বলেন, মানবিক অগ্রাধিকারের ভিত্তিতে এ বিষয়ে তার সরকার ৪০ হাজার মিলিয়ন পেসো বা ১৩.৯ মিলিয়ন মার্কিন ডলারের মতো অনুদান প্রদানে সম্মত হয়েছে।
বিবিসি জানায়, এসময় শনিবারের ভূমিধসে নিহত ২৬২ ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন হয়। তবে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা থাকায় উদ্ধারকর্মীরা এখন তাদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, স্থানীয় সময় শনিবার ভোররাতের দিকে পুতুমায়ো প্রদেশে ভারী বৃষ্টি এবং বাধ ভেঙে নদীর পানি উপচে পড়ে ভূমিধসের ঘটনা ঘটে। ওই সময়টায় সবাই ঘুমিয়ে ছিল, তাই হতাহতের সংখ্যাও বেশি। বলা যায়, মাটি আর পাথরে সমাহিত হয়েছে পুরো এলাকার অনেক মানুষ। এরপর থেকেই প্রদেশটিতে এক হাজারের বেশি সেনা ও পুলিশ সদস্য উদ্ধার ও ত্রাণ বিতরণ করছে।
ওইদিনই ঘটনাস্থল পরিদর্শন করেন ম্যানুয়েল সান্তোস। সেসময় তিনি অঙ্গীকার করেছিলেন, সর্বশেষ ব্যক্তিটিকে খুঁজে না পাওয়া অবদি উদ্ধার অভিযান চলবে। সূত্র: বিবিসি