October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দিন পর সিলেটে ট্রেন চলাচল শুরু

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে একটি ব্রিজ দেবে যাওয়ায় চার দিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবারও সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সোমবার (৩ এপ্রিল) দুপুরে ব্রিজটির পূর্ণাঙ্গ মেরামত কাজ শেষ হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার খবর নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ মার্চ) পাহাড়ি ঢলে মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকার ৫৬নং ব্রিজের একটি পিলার ধ্বসে পড়ে। এতে দেবে যায় ব্রিজটি। এরপর থেকেই সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার থেকেই ওই ব্রিজটি মেরামতের কাজ শুরু হয়। চার দিন ধরে দেড় শতাধিক শ্রমিক কাজ করে ব্রিজটি মেরামত করেন। সোমবার এই কাজ শেষ হলে চার দিন পর শুরু হয় ট্রেন চলাচল।
সাইফুল ইসলাম বলেন, ‘দেবে যাওয়া ব্রিজটির মেরামত কাজ শেষ হয়েছে। ফলে দুপুর থেকে আবারও সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।’