October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাজধানীতে গাছ পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডেস্ক:  রাজধানীর সংসদ ভবনের এলাকায় চন্দ্রিমা উদ্যানে গাছ পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক।

নিহত ব্যক্তির নাম মুজাহিদুল ইসলাম (৩৫)। তিনি মেডিকেল সরঞ্জামাদির ব্যবসা করতেন। তার বাড়ি গাজীপুরের জয়দেবপুরে।

জানা গেছে, রোববার সকাল সোয়া ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় একটি গাছ ভেঙে মাথায় পড়লে গুরুতর আহত হন ওই আরোহী। পরে পথচারীদের সহযোগিতায় পুলিশ তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) নিপেন্দ্রনাথ বিশ্বাস জানান, সোয়া ৯টার দিকে ওই মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় চন্দ্রিমা উদ্যানের সড়কের পাশের একটি গাছ হঠাৎ উড়ে এসে তার মাথার উপর পড়ে। এতে মোটরসাইকেল আরোহীর মাথা ফেটে যায়।

পথচারীদের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মারা যান তিনি।