October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সিইটিপি না থাকলে আর কোনো কারখানা নয়: শিল্পমন্ত্রী

অর্থনৈতিক প্রতিবেদক : কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) না থাকলে কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপনের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ ইনফ্রাস্ট্যাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো-২০১৭’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
এক্সপোনেট এক্সিবিশন, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ স্পেডা এবং পাওয়ার সেল বিদ্যুৎ বিভাগ যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, বাংলাদেশের ভবন নির্মাণে অনেক পরিবর্তন এসেছে। এখন বেশিরভাগে ভবন পরিবেশবান্ধব বা গ্রিন বিল্ডিং হচ্ছে। এতে এ খাতের পরিধি বহুগুণ বেড়েছে।
তিনি বলেন, সরকার এখন পরিবেশবান্ধব কারখানা ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি দেবে না।কারখানা স্থাপন করতে চাইলে আগে সিইটিপি থাকতে হবে।এটা না থাকলে কোনো অনুমোদন দেওয়া হবে না।
শিল্পমন্ত্রী বলেন, টেকসই শিল্পায়নের জন্য দরকার পরিবেশবান্ধব অবকাঠামো। বর্তমান সময়ে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিল্পবান্ধব অবকাঠামোর কোনো বিকল্প নেই। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।
তিনি বলেন, প্রদর্শনীতে চীন, ভারত মালয়শিয়া, কোরিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড এবং বাংলাদেশসহ ১৩টি দেশের মোট ৯০টি বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই, আধুনিক এবং পরিবেশবান্ধব শিল্প প্রযুক্তি নির্মাতা এ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রায় ২৫০টি স্টলে তারা নিজেদের জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশববান্ধব পণ্য, উপকরণ, প্রযুক্তি এবং যন্ত্রপাতি প্রদর্শন করছে।
প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়েছে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
এসময়ে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক চিপ কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, প্রকৌশলী তাকসিম এ খান, অধ্যাপক ফিরোজআহমেদ, ড. এম মনোয়ার হোসেন প্রমুখ।