ডেস্ক : পাবনায় পুলিশ-সন্ত্রাসী ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি সর্বহারা দলের আঞ্চলিক নেতা নিস্তার ওরফে জাহিদ ওরফে নিজাম (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত সোয়া তিনটার দিকে জেলার আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের দড়িরচর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত নিস্তার ওরফে নিজাম সদর উপজেলার খাসচর বলরামপুর গ্রামের মৃত এছেন আলীর ছেলে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত ও অস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল হুদার ভাষ্য-আধিপত্য বিস্তার নিয়ে দড়িরচর নামক স্থানে চরমপন্থি দলের জুলহাস গ্রুপ ও নিস্তার গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে-এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোর রাত সোয়া তিনটার সেখানে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে দুই পক্ষের সন্ত্রাসীরা। এ সময় পুলিশও গুলি ছুঁড়লে ত্রিমুখী বন্দুকযুদ্ধ শুরু হয়। বন্দুকযুদ্ধের একপর্যায়ে চরমপন্থি সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে নিস্তার ওরফে জাহিদ ওরফে নিজামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি তাজুল হুদার দাবি, বন্দুকযুদ্ধে পুলিশ কনস্টেবল বেলাল হোসেন, জয়েন উদ্দিন ও রমজান আলী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি শাটারগান, দুটি দেশি রামদা ও তিন রাউন্ড গুলি পাওয়া গেছে।
নিহত নিস্তার ওরফে জাহিদ ওরফে নিজাম ঢালারচরে চাঞ্চল্যকর তিন পুলিশ হত্যাসহ অন্তত ১২টি মামলার পলাতক আসামি ছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত