October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ দুই শিশুর বস্তাবন্দি লাশ

ডেস্ক:  চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী ভবানীপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই শিশু সুমাইয়া খাতুন (৭) ও মেহজাবিন আক্তারের (৬) লাশ মিলল তাদেরই প্রতিবেশীর বাড়িতে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিহত শিশুদের প্রতিবেশী ভ্যানচালক ইয়াসিন আলীর বাড়িতে তার পুত্রবধূ লাকী আক্তারের (২৪) শোবার ঘরের খাটের নিচে দুটি বস্তায় থাকা লাশ দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশ দু’টি উদ্ধার করে। লাকীর স্বামী মো. ইব্রাহীম বিদেশে থাকেন।

এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে বাড়ির মালিক ভ্যানচালক ইয়াসিন আলী (৭৪), তার স্ত্রী তানজিলা খাতুন ও পুত্রবধূ লাকী আক্তাকে (২৪) গ্রেফতার করেছে।

নিহত সুমাইয়া খাতুনের খালাতো ভাই আবু তালেব বলেন, নিখোঁজ হওয়ার পর থেকেই আমরা বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুজি করি। মঙ্গলবার বিকাল থেকে সুমাইয়ার খালা ফাতেমা বেগম, নূরজাহান বেগম ও ফুফু শাহনাজকে নিয়ে আমরা কয়েকজন প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজা শুরু করি।

খোঁজাখুজির এক পর্যায়ে আমরা প্রতিবেশী ভ্যানচালক মো. ইয়াসিনের বাড়িতে গেলে তার ছেলের স্ত্রী লাকী আক্তার তাদের বাড়িতে প্রবেশ করতে বাধা দেয়। একপর্যায়ে আমরা জোর করে ইয়াসিনের বাড়িতে প্রবেশ করি। এরপর বাড়ির একটি একটি করে প্রত্যেকটি ঘরে খোঁজ শুরু করতে থাকি। এ পর্যায়ে লাকী আক্তারের শোবার ঘরে আসলে সে তার ঘরে প্রবেশে আবারও বাধা দেয়। এই সময় লাকী আক্তার বলেন, ‘আপনারা খাটের নিচে দেখবেন না, খাটের নিচে বস্তাতে কুমড়া আছে।’ এ সময় আবারও তিনি আমাদের বলেন ‘জোড়হাত করছি, খাটের নিচে দেখবেন না।’ তখনই আমার সন্দেহ হয়েছিল আর খাটের নিচে যখনই তাকাই দেখি দুই দিকে দুইটা বস্তা আছে।

একটি বস্তার মুখ খুলতেই দেখি সুমাইয়ার মুখটা বের হয়ে যায় বলেই ডুকরে কেঁদে উঠেন সুমাইয়া খাতুনের খালাতো ভাই আবু তালেব।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বলেন, স্থানীয়রা সন্ধ্যায় নামোশংকরবাটী এলাকার ইয়াসিন আলীর বাড়িতে একটি শোবার ঘরে তল্লাশি চালিয়ে শিশু দুটির লাশের সন্ধান পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পৃথক বস্তা থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ ও কীভাবে হত্যা করা হয়েছে তা জানা যায়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, রবিবার (১২ ফেব্রুয়ারি) পৌর এলাকার নামোশংকরবাটীর ভবানীপুর-ফতেপুর মহল্লার সুমাইয়া খাতুন ও মেহজাবিন আক্তার দুজনেই স্থানীয় ছোটমনি বিদ্যা নিকেতনের শিক্ষার্থী। তারা ওইদিন বেলা ১১টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরে বাইরে খেলতে যায়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিল।