October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জেএমবির সাবেক আমির সাইদুর রহমানের বিচার শুরু

ডেস্ক : জেএমবির তৎকালীন আমির মাওলনা সাইদুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান মোল্লা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১৪ মার্চ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।

মামলার প্রধান আসামি সাইদুরকে অভিযোগ গঠনের শুনানির জন‌্য এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তিনি আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন এবং সুবিচার চান।

আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলী তাপস পাল জানান, মামলার অপর দুই আসামি আবদুল্লাহেল কাফী ওরফে আবদুল্লাহেল কাদরী এবং তার স্ত্রী আয়শা আক্তার এর আগে জামিন নিয়ে পালিয়ে যান।

২০১০ সালের ২৫ মে ঢাকার দনিয়া নূর মসজিদের কাছে একটি বাড়ি থেকে মাওলানা সাইদুরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাদের কাছে উগ্র মতবাদের বই ও সরকারবিরোধী প্রকাশনার কাগজপত্র পাওয়া যায় বলে আইন-শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে বলা হয়।

পরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে ঢাকার কদমতলী থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগপত্র হওয়ার পর ২০১১ সালের ১৬ জানুয়ারি ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে বিচারও শুরু হয়; রাষ্ট্রপক্ষে পাঁচজনের সাক্ষ‌্য শোনে আদালত।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিচারের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার বাধ‌্যবাধকতা থাকলেও এ মামলায় তা না থাকায় বিচার মাঝপথে আটকে যায়। অনুমোদনের জন‌্য ২০১৫ সালের ৮ সেপ্টেম্বরে নথিপত্র পাঠানো হয় মন্ত্রণালয়ে।

গতবছর ২৬ অগাস্ট অনুমোদন পাওয়া গেলে নতুন করে গতি পায় এ মামলার কার্যক্রম। এর ধারাবাহিকতায় আদালত গত ৪ জানুয়ারি পুলিশের দেওয়া অভিযোগপত্র নতুন করে আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করে দেয়।