October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কৈলাশ সত্যার্থীর নোবেলের রেপ্লিকা চুরি !

ডেস্ক : শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ভারতীয় নাগরিক কৈলাশ সত্যার্থীর নয়াদিল্লির বাসায় চুরি হয়েছে। চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে তার নোবেল পুরস্কারের রেপ্লিকাও রয়েছে। আজ মঙ্গলবার ভোরে এই চুরির ঘটনা ঘটে।
পুলিশের বরাতে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, নোবেল রেপ্লিকা ছাড়াও কৈলাশ সত্যার্থীর নয়াদিল্লির বাসা থেকে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোর।
তবে প্রটোকল অনুযায়ী, কৈলাশ সত্যার্থীর আসল নোবেল পুরস্কারটি রাষ্ট্রপতি ভবনে রাখা আছে।
নোবেল পুরস্কার চুরির উদ্দেশ্যেই চোর কৈলাশ সত্যার্থীর বাসায় হানা দিয়েছিল কি না, তা নিশ্চিত নয় পুলিশ। তবে পুলিশের ধারণা, নোবেল পুরস্কারের বিষয়টি চোর হয়তো জানত। তবে সেটি যে নকল, তা হয়তো বুঝতে পারেনি।
কৈলাশ সত্যার্থীর বাসায় চুরির ঘটনায় একটি অভিযোগ (এফআইআর) দায়ের করা হয়েছে। অপরাধ ও ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।
ইতিমধ্যে বেশ কিছু লোককে আটকও করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ভাঙারি ব্যবসায়ী ও স্থানীয় অপরাধীরা রয়েছেন।
উল্লেখ, ২০১৪ সালে শিশু, শিক্ষা ও শৈশব নিয়ে কাজের জন্য কৈলাস সত্যার্থী মালালার সঙ্গে যৌথভাবে নোবেল জেতেন।