রংপুর প্রতিনিধি : নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মেরুদণ্ডওয়ালা লোক চাই। মেরুদণ্ডহীন ইসি চাই না। ইসি গঠনের জন্য গঠিত সার্চ কমিটির কাছে তাঁর দল নাম প্রস্তাব করবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পর্ষদের সভায় যোগদানের পর সাংবাদিকদের এসব কথা বলেন এরশাদ। এ সময় জাতীয় পার্টির রংপুর জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, সবার কাছে পাঁচটি নাম চেয়েছে তাঁরা। আমরা পাঁচটি নাম পাঠাচ্ছি। বাকি রাজনৈতিক দলগুলো নাম পাঠাবে। তারপর সরকার নির্বাচন করবে কাকে দেবে।
এরশাদ আরো বলেন, যাকেই দিন সমালোচনা হবে। এটা আমাদের স্বভাব। এরপরও একটা লোক চাই। নিরপেক্ষ, যার ওপর আস্থা রাখতে পারি। আশা করি তারা এমন একটা লোক দেবে, যিনি সমস্ত বিতর্কের উর্ধ্বে থাকবেন।
বিএনপির ব্যাপারে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, নির্বাচন না করলে বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাবে। নির্বাচন তাকে করতে হবে। আমরা ৩০০ আসনেই নির্বাচন করব।
নির্বাচন কমিশন গঠনের বিষয়ে জাতীয় পার্টিসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেছে। এরপর রাষ্ট্রপতি পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করেন। ওই সার্চ কমিটি ইসি গঠনের জন্য ব্যক্তি নির্বাচন করবে। ওই সার্চ কমিটি প্রতিটি রাজনৈতিক দলের কাছে পাঁচজনের নাম চেয়েছে। যা জমা দেয়ার শেষ তারিখ আজ ৩১ জানুয়ারি।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী