November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ইন্টারন্যাশনাল সলিডারিটি আরচ্যারীর ৫টি ইভেন্টের ফাইনালে বাংলাদেশ

ডেস্ক : আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আরচ্যারী চ্যাম্পিয়নশীপের ৫টি ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশের আরচ্যাররা।
আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ইলিমিনেশন রাউন্ডের রিকার্ভ ডিভিশনের পুরুষ দলগত, মহিলা দলগত, মিশ্রদলগত, কম্পাউন্ড ডিভিশনের পুরুষ দলগত ও মিশ্র দলগত প্রতিযোগিতায় ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক আরচ্যাররা।
আগামীকাল সোমবার গোল্ড মেডেল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। এদিন সর্বমোট ৭টি ইভেন্টের গোল্ড মেডেল ম্যাচে লড়াই করবে বাংলাদেশ।
মো. রুমান সানা, মো. সানোয়ার হোসেন ও মোহাম্মদ তামিমুল ইসলামকে নিয়ে গঠিত রিকার্ভ ডিভিশনে পুরুষ দল গোল্ড মেডেল ম্যাচে ভূটান আরচ্যারী দল প্রতিদ্বন্দ্বিতা করবে। বিউটি রায়, শ্যামলী রায় ও মোসাম্মৎ রাদিয়া আক্তার শাপলাকে নিয়ে গঠিত মহিলা দল দলগত লড়াইয়ে মুখোমুখি হবে নেপালের। মো: রুমান সানা ও বিউটি রায়কে নিয়ে গঠিত মিশ্র দলটি মোকাবেলা করবে ভুটানের।
কম্পাউন্ড ডিভিশনে মো. আবুল কাশেম মামুন, মো. মিলন মোল্লা ও নাজমুল হুদাকে নিয়ে গঠিত বাংলাদেশ পুরুষ দল গোল্ড মেডেল ম্যাচে মুখোমুখি হবে মালয়েশিয়া আরচ্যারী দলের। মো. আবুল কাশেম মামুন ও সুস্মিতা বনিককে নিয়ে গঠিত স্বাগকি মিশ্র দলটি কাল গোল্ড মেডেল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ইরাকের।
এদিকে আজ অনুষ্ঠিত রিকার্ভ ডিভিশনের পুরুষ দলগত ব্রোঞ্জ মেডেল ম্যাচে সৌদিআরব আরচ্যারী দল ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে সুদান আরচ্যারী দলকে পরাজিত করেছে। মিশ্র দলগত ব্রোঞ্জ মেডেল ম্যাচে ইরাক আরচ্যারী দল ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে সিরিয়া আরচ্যারী দলকে পরাজিত করে। কম্পাউন্ড ডিভিশনের ব্রোঞ্জ মেডেল ম্যাচে ইরাক আরচ্যারী দল ২১৭-২১৫ স্কোরের ব্যবধানে ভূটানকে পরাজিত করে।

সূত্র: বাসস