November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ময়মনসিংহের অন্বেষা স্কুল অ্যান্ড কলেজ বন্ধ করা হলো

ডেস্ক:  একুশ বছর ধরে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার দায়ে অবশেষে বন্ধ করা হলো স্বাধীনতাবিরোধী আবদুল মোনেম খানের মেয়ের প্রতিষ্ঠিত ময়মনসিংহ শহরের অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসনের কর্মকর্তারা গতকাল রবিবার দুপুরে গিয়ে প্রতিষ্ঠানটির গেটে নোটিশ টানিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন।

একই সঙ্গে উপস্থিত কর্মচারীদের হাতে নোটিশের কপি তুলে দেন তাঁরা।

১৯৯৬ সালে ময়মনসিংহ শহরের নতুনবাজারের সাহেব আলী সড়কে ইংলিশ মিডিয়াম এই প্রতিষ্ঠান চালু করেন মোনেম খানের মেয়ে নাসরীন মোনেম খান। এর অধ্যক্ষও নাসরীন। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা এই প্রতিষ্ঠানে পাকিস্তানি আদর্শ লালন, বাংলাদেশের পরিবর্তে পাকিস্তানের ইতিহাস পড়ানো, একাত্তরে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত পূর্ব পাকিস্তানের গভর্নর স্বাধীনতাবিরোধী মোনেম খানের নামে প্রতিষ্ঠানটি উত্সর্গ করা ও দাপ্তরিক কাগজপত্রে তাঁর নামের আগে ‘শহীদ’ শব্দটি লেখা, প্রতিষ্ঠানের মনোগ্রামে চাঁদ-তারা খচিত পাকিস্তানের পতাকার চিহ্ন এবং রাষ্ট্রীয় কোনো বিধি-বিধান অনুসরণ করা হতো না।

অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ ও জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম একদল পুলিশ নিয়ে অন্বেষা স্কুলের ক্যাম্পাসে যান। তাঁরা স্কুলের হিসাবরক্ষক শাজাহানের কাছে স্কুলটি বন্ধের সরকারি চিঠি পৌঁছে দেন এবং প্রতিষ্ঠানটি কী কারণে বন্ধ করা হলো, তা উল্লেখ করে স্কুলের গেটে ব্যানার টানিয়ে দেন। অবশ্য এর আগেই স্কুল কর্তৃপক্ষ এক মাসের ছুটি উল্লেখ করে একটি নোটিশ স্কুলে টানিয়ে দিয়েছিল।

এ সময় সাবেক ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, কাজী আজাদ জাহান শামীম, সিপিবির জেলা সভাপতি এমদাদুল হক মিল্লাত, জেলা জাসদ নেতা নজরুল ইসলাম চুন্নু প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, ‘প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করাসহ বেশ কিছু অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ জন্য মন্ত্রণালয়ের নির্দেশে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়েছে। ’