আদালত প্রতিবেদক : প্রথম আলোর প্রধান আলোকচিত্রী জিয়া ইসলামকে গাড়িচাপা দেয়ার মামলায় অভিনেতা কল্যাণ কোরাইয়ার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে এই রিমান্ড আবেদন করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য এই আবেদন করা হয়।
ঢাকা মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে বুধবার বিকেল তিনটায় এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার এসআই ফারুক খান জানান, ঘটনার অধিকতর তথ্য জানতে জিজ্ঞাসাবাদের প্রয়োজনে রিমান্ড চাওয়া হয়েছে।
উল্লেখ্য, রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রথম আলোর প্রধান আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলাম। সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (১০ জানুয়ারি) অভিনেতা কল্যাণ কোরাইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য কলাবাগান থানায় ডেকে নেয় পুলিশ। পরে প্রথম আলো কর্তৃপক্ষ মামলা করলে কল্যাণ কোরাইয়াকে গ্রেফতার করা হয়।
কলাবাগান থানায় করা মামলাটিতে (নং ৬, ধারা ২৭৯, ৩৩৮ এর ক, ৪২৭) জিয়া ইসলামকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগ আনা হয়েছে কল্যাণের বিরুদ্ধে। প্রথম আলোর পক্ষে মামলাটি করেছেন প্রতিষ্ঠানটির নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব.) সাজ্জাদুল কবীর।
দুর্ঘটনায় মাথা ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন জিয়া। সেখানে উপস্থিত অন্য গণমাধ্যমের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। মঙ্গলবার দুপুরে জিয়া ইসলামকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জিয়া পান্থপথ ক্রসিং থেকে মোটরসাইকেলে করে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন। বসুন্ধরা সিটির সামনে পৌঁছানোর পর জিয়াকে ধাক্কা দেওয়ার পরপরই গাড়ির লাইট বন্ধ করে দেন গাড়ির চালক। পরে গাড়িটি আটকানোর চেষ্টাও করা হয়। কিন্তু প্রাইভেটকারটি সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী