November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সাভারে গ্যাসলাইন বিস্ফোরণে দম্পতি নিহত, দগ্ধ ৫

সাভার প্রতিনিধি : সাভারে গ্যাসলাইন বিস্ফোরণে এক দম্পতি নিহত হয়েছে। এসময় অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে নারীসহ আরও পাঁচ জন।শনিবার রাত তিনটার দিকে সাভার পৌর এলাকার ভাগলপুর মহল্লার মুড়ি ব্যবসায়ী তাজুল ইসলামের বাড়িতে এঘটনা ঘটে।
নিহতরা হলো- রওশন আলী (৫৫) ও তার স্ত্রী খায়রুন নেসাকে (৪০)।
আহতরা জানায়, দক্ষিণ দরিয়ারপুর এলাকার মুড়ি ব্যবসায়ী তাজুল ইসলামের একতলা বাড়ির একটি কক্ষে গ্যাসলাইন বিস্ফোরণে আগুন ধরে। এতে মুহুতের মধ্যে আগুন আরও দুইটি কক্ষে ছড়িয়ে পড়ে। এসময় ওই বাড়িতে থাকা সাতজন অগ্নিদগ্ধ হয়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে রওশন আলী ও তার স্ত্রী খায়রুন নেসাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এদিকে অগ্নিদগ্ধ রওশন আলীর ছেলে হযরত আলী (২৫) ও তার মেয়ে ফাতেমা (২০) ও তার মেয়ের স্বামী সেলিম ও ভায়রা তাজুল ইসলাম ও তাজুল ইসলামের স্ত্রী মেহেরুন নেসাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) ভর্তি করা হয়েছে।
সাভার মডেল থানা পুলিশ নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, বাড়িতে আগুন লাগার বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।