November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনার মামলায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।বুধবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি মিডিয়া) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তবে গ্রেফতারকৃতদের নাম জানাতে পারেননি তিনি। কোথা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে সে বিষয়েও কিছু জানাননি তিনি। তবে জানান যে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে গত মঙ্গলবার রাতে বাংলাদেশ বিমানের নয় কর্মকর্তাকে আসামি করে সংস্থাটির পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) এম এম আসাদুজ্জামান বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করেন।

মামলার আসামিরা হলো- বাংলাদেশ বিমানের প্রধান প্রকৌশলী (প্রোডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসিউরেন্স) এস এ সিদ্দিক, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস ও জাকির হোসাইন এবং টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান। এদের মধ্য থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে (বোয়িং-৭৭৭) যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে বিমানটি। অন্য একটি উড়োজাহাজ পাঠিয়ে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের হাঙ্গেরি পৌঁছানোর ব্যবস্থা করা হলেও পরে ত্রুটি সারিয়ে ওই উড়োজাহাজেই সে দেশে যান প্রধানমন্ত্রী।

এই ঘটনায় ২৮ নভেম্বর চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ বিমান। পরে ওই কমিটিতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসানকে কো-অপ্ট করা হয়। ফলে কমিটির সদস্য সংখ্যা চার থেকে পাঁচে উন্নীত হয়।

পরে এই ঘটনায় গত ৩০ নভেম্বর বাংলাদেশ বিমানের পাঁচ প্রকৌশলীসহ ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর গত ১৪ নভেম্বর বিমানের আরও তিন প্রকৌশলীকে বরখাস্ত করা হয়।