October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভারতে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা একশ’ ছাড়িয়ে

ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে নিহতের সংখ্যা একশ’ ছাড়িয়েছে। আহত হয়েছে কমপক্ষে একশ’ জন।
এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও প্রশাসন আশঙ্কা করছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভোর ৩টা ১৫ মিনিটে কানপুর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কানপুরের পুখরাইয়ার কাছে পটনা-ইন্দোর এক্সপ্রেসের ১৪ টি বগি লাইনচ্যুত হয়ে এই দুর্ঘটনা ঘটে।
ট্রেনটি ইন্দোর থেকে পটনা যাওয়ার পথে মালাসার ও পুখরাইয়া স্টেশনের মাঝে এটি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার সময় ট্রেনের অধিকাংশ যাত্রী ঘুমাচ্ছিল।
উদ্ধার অভিযানে সেনাবাহিনী ও চিকিৎসকদের মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা গোটা এলাকা ঘিরে রেখেছে।
এখনও ট্রেনের মধ্যে আটকে রয়েছেন বহু যাত্রী। বেশ কয়েকটি বগি দুমড়ে মুচড়ে গেছে।
একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রেলের পদস্থ কর্তারাও।
উত্তর-মধ্য রেলের মুখপাত্র বিজয় কুমার জানান, একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছেছে। অন্য যাত্রীদের যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছানো যায় তার জন্য বাসের ব্যবস্থা করা হযেছে। তিনি আরও জানান, ট্রেনের এস-২ কামরাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন বিজয়বাবু।
তিনি আরও বলেছেন, দুর্ঘটনায় এস ২ কোচটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল কর্মকর্তা ও জেলা প্রশাসন যৌথভাবে উদ্ধারের কাজ শুরু করেছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় লোকজন। ট্রেনের চারটি শীতাতপ নিয়ন্ত্রিত কামরাও লাইনচ্যুত হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর শোকও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি নিহতদের পরিবারের সদস্যদের ২ লাখ ও গুরুতর আহতদের ৫০ হাজার রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন।