October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কুমার বিশ্বজিতের তুমিহীনা

ডেস্ক : বহুদিন পর নতুন গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। তার গাওয়া এই গানটির শিরোনাম ‘তুমিহীনা’। অডিওর পাশাপাশি এর ভিডিওটিও প্রকাশ হয়েছে ইউটিউবে।

ভিডিওতে দেখা গেছে শিল্পী কুমার বিশ্বজিতকেই। মডেল হিসেবে আরো রয়েছেন শোবিজের প্রিয় মুখ তৌহিদা শ্রাবণ্য ও মডেল আজাদ।

এ গানের কথা লিখেছেন মাহমুদ মানজুর। ‘তুমিহীনা’ গানটির সুর-সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। বাংলাদেশের অন্যমত মোবাইল এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠান ‘অ্যাডবক্স বাংলাদেশ লিমিটেড’-এর প্রযোজনায় গানটি প্রকাশ হয়েছে।

আজব কারখানার ব্যানারে সম্প্রতি বর্ণ চক্রবর্তীর নির্দেশনায় গাজীপুরের জিন্দা পার্কে ভিডিওটির ব্যয়বহুল চিত্রায়ন হয়। যেখানে রয়েছে অত্যাধুনিক ক্যামেরা ও দৃষ্টিনন্দন লোকেশনের চমক। গল্প নির্ভর এই ভিডিওটি গেল বৃহস্পতিবার  প্রকাশ পেয়েছে গানবক্স মিউজিক অ্যাপ ও তাদের ইউটিউব চ্যানেলে।

এই গানের ভিডিও নিয়ে কুমার বিশ্বজিৎ বলেন, ‘গানটি এমনিতেই অনেক সুন্দর। তবে ভিডিওটি দেখার পর মনে হলো ষোলকলা পূর্ণ হলো। আমার তো খুব ভালো লেগেছে ভিডিওটি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

গানটির প্রযোজনা প্রতিষ্ঠান এ্যাডবক্সের সিইও শফিকুল ইসলাম বলেন, ‘শ্রাবণ্য-আজাদ ছাড়াও কুমার বিশ্বজিতের মতো একজন কিংবদন্তি শিল্পী এই মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেছেন। এমন একটি মিউজিক ভিডিও দর্শক ও শ্রোতাদের উপহার দিতে পেরে আমরা আনন্দিত।’

অডিওর পাশাপাশি এর ভিডিওটিও প্রকাশ হয়েছে ইউটিউবে।