ডেস্ক : অনলাইন গেম পোকেমন গো’এ মজেছেন অভিনেতা লিয়াম হেম্সওয়ার্থ। তাঁর গার্লফ্রেন্ড মাইলি সাইরাস অন্তত তাই বলছেন! লিয়াম নাকি গেমে আসক্ত। মাইলিকে প্রশ্ন করা হয়েছিল, তিনি স্ন্যাপচ্যাটে যোগ দেবেন কিনা। ‘‘নাহ্! আমি ঠিক জানি না ওটা কীভাবে করতে হয়,’’ উত্তর তাঁর। আর পোকেমন গো? ‘‘সেখানেও নেই! তবে লিয়াম দেখলাম ঘুম থেকে উঠেই কারওয়াশে চলে গেল! কী যেন বলেন আপনারা, পোক-শট না কী? পোকেমন ধরতে চলে গেল,’’ জবাব মাইলির।
মিশেলের ‘না’
জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘দ্য সিম্পসন্স’এ অভিনয় করার প্রস্তাবে সায় দিলেন না মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। যদিও তিনি ‘কারপুল ক্যারিওকি’ এবং ‘পার্কস অ্যান্ড রিক্রিয়েশন’এ অভিনয় করছেন। একটি সাক্ষাত্কারে ‘দ্য সিম্পসন্স’এর কো-ক্রিয়েটর জেমস এল ব্রুক জানিয়েছেন, মিশেলের ‘না’ করে দেওয়ার ঘটনাটা। যদিও চেষ্টায় খামতি রাখেননি তিনি।
জায়ানের আত্মজীবনী
আত্মজীবনী প্রকাশিত হতে চলেছে মার্কিন বয়ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’এর প্রাক্তন সদস্য জায়ান মালিকের। নভেম্বরের শুরুতেই প্রকাশিত হবে ‘জায়ান’। তাঁর আঁকা ছবি এবং ব্যক্তিগত সংগ্রহে থাকা ছবি বইয়ের অন্যতম আকর্ষণ। জায়ান সম্প্রতি বলেছেন, ‘‘যতটা সম্ভব, ততটাই আমার কাছাকাছি নিয়ে যাব পাঠককে। যাতে আপনারা নিজের মতো করে আমাকে বিচার করতে পারেন। সংবাদমাধ্যমে আমার যে ভাবমূর্তি তৈরি হয়েছে, তার ভিত্তিতে নয়।’’ ২৩ বছর বয়সি রকস্টারের বইটি হাতে পাওয়ার অপেক্ষায় ভক্তেরা।
ধীরে চলো
সম্পর্কের ব্যাপারে ধীরে চলতে চান কেন্ডেল জেনার এবং হ্যারি স্টাইল্স। নিজেদের আরেকটা সুযোগ দিতে চান তাঁরা। জনপ্রিয় মডেল কেন্ডেল এবং ‘ওয়ান ডিরেকশন’ তারকা হ্যারি অবশ্য এখনও দূরত্ব বজায় রেখেছেন। তবে তাঁরা ‘আশাবাদী’ যে, সময় দিলে সম্পর্কের উন্নতি হতে পারে। ঘনিষ্ঠমহলে অবশ্য কেন্ডেল জানিয়েছেন, এবার ‘সাবধানী’ হবেন তিনি। হ্যারির মন গলাতে নাকি একটু বেশিই কাঠখড় পোড়াতে হয়। তিনি নাকি ওরকমই! এ কথাও ঘনিষ্ঠদের বলেছেন কেন্ডেল। তা সত্ত্বেও একটা ‘চান্স’ নিতে চান আর কী!
পরদায় স্ট্যান লি
প্রবাদপ্রতিম কমিক্স-স্রষ্টা স্ট্যান লি’র জীবন বড় পরদায় আনার পরিকল্পনা করছে ‘টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স’। সত্তরের দশকের স্ট্যান লি যে ছবির গল্প জুড়ে থাকবেন। ‘মার্ভেল’এর জনপ্রিয় কমিক-আর্টিস্ট লি সত্তরের দশকে তাঁর তৈরি চরিত্রগুলো নিয়ে হলিউডে এসেছিলেন। যেগুলো ছোট এবং বড় পরদায় হিট করে। যাঁরা ‘টোয়াইলাইট’, ‘দ্য মেজ রানার’এর মতো ছবির প্রযোজনা করেছেন, তাঁরা নতুন ছবিরও প্রযোজক। লি’ও এই ছবির এগজিকিউটিভ প্রোডিউসর। তবে ছবিটা পুরোপুরি বায়োপিক নয়। ছবির স্টাইল খানিকটা রজার মুর জমানার জেম্স বন্ড ছবিগুলোর মতো। সম্প্রতি ‘ডেডপুল’ এবং ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’এ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে লি’কে।
সূত্র: এবেলা

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী