গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বয়লার বিস্ফোরণের পর আজ সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী। কারখানাটিতে অগ্নিকাণ্ড ও ধসে পড়ার ঘটনায় গতকাল রাতেই মালিকসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দেবাশীষ বর্ধন জানান, গতকাল রাত সাড়ে নয়টার দিকে লে. কর্নেল মো. শফিউল আজমের নেতৃত্বে ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের সেনাসদস্যরা কারখানাটির অবস্থা পর্যবেক্ষণে আসেন। পর্যবেক্ষণ শেষে পরিকল্পনা অনুযায়ী, আজ সকাল থেকে উদ্ধারকাজ শুরু করেন। সেনাবাহিনীর দল প্রথমে কারখানার পূর্ব পাশে রাস্তায় ধসে পড়া ভবনের অংশ সরিয়ে ফেলার কাজ শুরু করেছে। ধসে যাওয়া ওই স্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ধারণা করা হচ্ছে, ওই স্থানে আরো লাশ আছে।
টঙ্গীর বিসিক শিল্পনগরীর টাম্পাকো ফয়েলস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকসহ আট জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অগ্নিকাণ্ডে নিহত শ্রমিক জুয়েলের বাবা আবদুল কাদের বাদী হয়ে রোববার রাতে টঙ্গী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কারখানা মালিক মকবুল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন- মকবুল হোসেনের স্ত্রী পারভিন, কারখানার ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ, জেনারেল ম্যানেজার (জিএম) সফিকুর রহমান, ম্যানেজার (প্রশাসন) মনির হোসেন, ম্যানেজার (সার্বিক) সমির আহমেদ, ম্যানেজার হানিফ ও ডিএমডি আলমগীর হোসেন।
এদিকে সোমবার সকাল সাতটার দিকে কারখানা-ভবনের তৃতীয় তলা থেকে আরও দু’জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা ৩১ জনে দাঁড়ালো।
শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর ছয়টা পাঁচ মিনিটের দিকে গাজীপুরের টঙ্গীর টাম্পাকো প্যাকেজিং কারখানার পাঁচতলা ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটে। এতে কারখানায় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সেখানে শ্রমিকেরা রাতের শিফটে কাজ করছিলেন। বিস্ফোরণের পর ভবনটি আংশিক ধসে পড়ে।

এ বিভাগের আরো..
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
মানুষের কল্যাণে নীরবে যারা কাজ করছেন তাদের সম্মান দিন : প্রধানমন্ত্রী