October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সবার ভালো লাগার মতোই ‘পরিবর্তন’

ডেস্ক : সৃজনশীল কর্মযাত্রায় ছুটে চলেছেন আনজাম মাসুদ। ১৯৯৬ সালে ‘আজকাল’ ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিলো উপস্থাপনায় পথ চলা।

এরপর ‘আনন্দ মেলা’, ‘এক, দুই, তিন’, ‘আজকাল পরশু’সহ বেশকিছু অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে কুড়িয়েছেন প্রশংসা, পেয়েছেন তারকাখ্যাতি। জয় করে নিয়েছেন হাজারো মানুষের হৃদয়। বিজ্ঞাপন নির্মাতা হিসেবেও পরিচিতি পেয়েছেন। উপস্থাপনা ও নির্মাতা হিসেবেই এখন আনজাম মাসুদের ব্যস্ততা।

এবারের ঈদে আনজাম মাসুদের গ্রন্থণা, উপস্থাপনা ও নির্দেশনায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’। ঈদের দ্বিতীয় দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে অনুষ্ঠানটি। এটি প্রযোজনা করছেন সরওয়ার মিয়া। শুটিং শেষে এখন অনুষ্ঠানটির সম্পাদনার কাজ চলছে। নাচ-গান-অভিনয়ে জমজমাট হবে এবারের পরিবর্তন। একই সঙ্গে সুস্থ ধারার বিনোদনের এক ধরণের চ্যালেঞ্জ নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে।

আনজাম মাসুদ বলেন, ‘ঈদের অনুষ্ঠান মানেই সুস্থ-সুন্দর বিনোদন নির্ভর অনুষ্ঠান। এবারও দর্শকের আনন্দের পাশাপাশি সুস্থ বিনোদনের বিষয়টি মাথায় রেখে অনুষ্ঠানটি সাজিয়েছি। দর্শক অনুষ্ঠানটি দেখে আনন্দ পাবে। সবার ভালো লাগার মতোই হবে এবারের ‘পরিবর্তন’।’

এই অনুষ্ঠানের মাধ্যমে এবারই প্রথম একসঙ্গে গাইলেন আরফিন রুমি ও লুইপা। ‘ভালোবাসি ভালোবাসি’ শিরোনামের এ গানটি লিখেছেন ইকবাল খন্দকার। সুর-সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। এরই মধ্যে গানটির শুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ।